সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনতেএকমত বিজিবি-বিএসএফ

অনলাইন ডেস্ক ।।

পিলখানা বিজিবি সদর দপ্তরে বিজিবি-বিএসএফের ডিজি পর্যায়ের বৈঠকে সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর মহাপরিচালক রাকেশ আস্থানা একমত পোষণ করেছেন।

৪ দিনব্যাপী বিজিবি ও বিএসএফ ডিজি পর্যায়ের সম্মেলন শেষে পিলখানায় বিজিবি’র সদর দপ্তরে আয়োজিত সংবাদত সম্মেলনে উভয় বাহিনীর প্রধান সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনতে প্রতিজ্ঞাবদ্ধ বলে সাংবাদিকদের জানিয়েছেন।

সীমান্তে উভয় দেশের নিরস্ত্র নাগরিকদের হত্যা বা আহত অথবা মারধরের ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে ঝুঁকিপূর্ণ সীমান্তবর্তী এলাকায় যৌথ টহল বৃদ্ধি, জনসচেতনতামূলক কর্মসূচী আরও বেগবান করা এবং প্রয়োজন মাফিক আর্থ-সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণসহ সীমান্তে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে উভয় বাহিনীর প্রধান সম্মত হয়েছেন।

বাংলাদেশ-ভারত সীমান্তে মাদক ও অস্ত্র চোরাচালন এবেং মানব পাচার বন্ধে এক সঙ্গে কাজ করতে উভয় বাহিনীর প্রধান আগ্রহ প্রকাশ করেছেন।

৪ দিনব্যাপী সম্মেলনের আনুষ্ঠানিক বৈঠক বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০ টা ৪৫ মিনিটে পিলখানা বিজিবি সদর দপ্তরের সম্মেলন কক্ষে শুরু হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে দিকে সম্মেলনের যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে সীমান্ত সম্মেলন শেষ হয়েছে।

এবারের সম্মেলনে সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের গুলি, হত্যা ও আহত করা, সীমান্তের অপর প্রান্ত থেকে বাংলাদেশে ফেনসিডিল, গাঁজা, মদ, ইয়াবা, ভায়াগ্রা অথবা সেনেগ্রা ট্যাবলেটসহ মাদক ও নেশাজাতীয় দ্রব্যের চোরাচালান, অস্ত্র, গোলা-বারুদ ও বিস্ফোরক দ্রব্য পাচার বন্ধের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের নেতৃত্বে ১৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশগ্রহণ করেছেন। বাংলাদেশ প্রতিনিধিদলে বিজিবি’র অতিরিক্ত মহাপরিচালকবৃন্দ ও বিজিবি সদর দপ্তরের সংশ্লিষ্ট স্টাফ অফিসারবৃন্দ ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, যৌথ নদী কমিশন এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন।

বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানার নেতৃত্বে ৬ সদস্যের ভারতের প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করেছেন। ভারতীয় প্রতিনিধিদলে বিএসএফ সদর দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাগণ এবং ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন।