কখনও মেজর, কখনও কর্নেল পরিচয়ে মানুষের সঙ্গে প্রতারণা

অনলাইন ডেস্ক ।।

কখনও সেনাবাহিনীর মেজর, আবার কখনও কর্নেল পরিচয়ে মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে ইমামুল ফেরদৌস সোহাগকে আটক করেছে র‌্যাব।

রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ইমামুল ফেরদৌস সোহাগ (৩০) চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার নওহাটা গ্রামের জামাল হোসেনের ছেলে।

আটক সোহাগ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে হাতিয়ে নিতেন লাখ লাখ টাকা। প্রতারণা করতে গেলে নিজের পরিচয়ও দিতে ভিন্ন ভিন্ন নামে। কখনও নিজেকে তাসফিক, ফেরদৌস আবার কখনও সোহাগ নামে পরিচয় দিতেন।

রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব তথ্যটি নিশ্চিত করেন।

তিনি জানান, আটকের পর প্রতারক সোহাগের কাছ থেকে একটি সেনাবাহিনীর কর্মকর্তার ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। এছাড়াও চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন লোকের কাছ থেকে নেওয়া সার্টিফিকেট, প্রশংসাপত্র, জন্ম নিবন্ধন সনদ, চারিত্রিক সনদপত্র ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি উদ্ধার করা হয়। বিভিন্ন সময় মোবাইল ফোনে মিথ্যা পরিচয় দিয়ে টাকা নেয়ার অডিও রেকর্ডিংও উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানায় মামলা প্রক্রিয়াধীন।

Share this news as a Photo Card

20 September 2020

কখনও মেজর, কখনও কর্নেল পরিচয়ে মানুষের সঙ্গে প্রতারণা

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে