শেকৃবিতে রেজিস্ট্রারকে উপাচার্যের রুটিন দায়িত্ব প্রদানের প্রতিবাদ ইবি শিক্ষক সমিতির

ইবি প্রতিনিধি:
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) একজন প্রশাসনিক কর্মকর্তাকে উপাচার্যের রুটিন দায়িত্ব পালনের নির্দেশ প্রদানের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (ইবিশিস)।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সমিতির সভাপতি প্রফেসর ড. কাজী আখতার হোসেন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি জানা গেছে।
বিজ্ঞপ্তি সূত্রে, গত ২০ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন এর আলোকে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ শূন্য হওয়ায় উক্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে উপাচার্যের রুটিন দায়িত্ব প্রদান করা হয়েছে, যিনি একজন প্রশাসনিক কর্মকর্তা। এটি শুধু দুঃখজনকই নয়, বিশ্ববিদ্যালয়ের কনসেপ্টের সাথে একেবারেই অসঙ্গতিপূর্ণ এবং স্বায়ত্তশাসন নীতিমালার পরিপন্থী। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
অনতিবিলম্বে এই প্রজ্ঞাপনটি প্রত্যাহারপূর্বক সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বিশ্ববিদ্যালয়ের যে কোনো একজন সিনিয়র অধ্যাপককে উপাচার্য হিসেবে নিয়োগ প্রদানের জোর দাবি জানাই। একই সাথে এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি না ঘটার জোর দাবি জানিয়েছে তারা।
