আমি মা হওয়ার পরেও আব্বা আমাকে ভাত মাখিয়ে খাওয়াতেন: শেখ হাসিনা

শেখ আল মামুন ।।
আমার আব্বা এত বড় নেতা হলে কী হবে, যতটুকু সময় পেতেন আমাদের যত্ন নিতেন। আমি যখন আমার জীবনে ছেলেমেয়ের মা, তখনও কিন্তু আব্বা ভাত মাখিয়ে দিতেন; আমি বসে বসে খেতাম। আসলে আমাদের জ্ঞান হওয়ার পর যেটা হয়েছে, আমরা দেখতাম আব্বা জেলখানায়। ছাড়া পেলে তার সঙ্গে দেখা হতো। দেখতাম বক্তব্য দিতেন। এটাই ছিল আমাদের জীবন। বেশিরভাগই দাদা-দাদির কাছে।
১৯৪৯ সালে আব্বা যখন গ্রেফতার হন, তিনি ছাড়া পাননি, একটানা ১৯৫২ সাল পর্যন্ত জেলখানায়। তাকে যখন জেলে নেওয়া হয়, তখন আমার ছোট ভাইটি (শেখ কামাল) খুবই ছোট। আব্বাকে তখন সেভাবে দেখার সুযোগ পায়নি। কাজেই আমি যখন আব্বা আব্বা বলে কাছে যেতাম, ছোট ভাই খুব অবাক হয়ে দেখত। তখন জিজ্ঞেস করত, তোমার আব্বাকে কি আমি একটু আব্বা বলতে পারি? এটাই ছিল আমাদের জীবন।
