সান্তাহারে এক রাতে দুই গরু পালনকারীর ৯ টি গরু চুরি

হাবিব শিমুল,আদমদীঘি প্রতিনিধি ।।

বুধবার(৭ অক্টোবর) দিবাগত রাতে বগুড়ার সান্তাহার পৌর শহরের উপর পৌওতা গ্রামের দুই গোয়াল ঘরের তালা কেটে ৯ টি গরু চুরির ঘটনা ঘটেছে।

জানা গেছে, বুধবার দিবাগত রাত ১২টার দিকে গোয়াল ঘরের মালিক হাসান আলীর ছেলে আপেল হোসেন ও হাসান আলীর ভাতিজা রুবেল হোসেন নিজ নিজ গোয়াল ঘরের গরু গুলোর পরিচর্যা শেষে তালাবন্ধ করে ঘুমিয়ে পড়ে। ভোর ৪টা দিকে রুবেল হোসেন প্রকৃতির ডাকে সাড়া দিতে ওঠে। এ সময় সে তার গোয়াল ঘরের স্টিলের সীট দিয়ে তৈরী দরজার তালা কেটে ৫ টি গরু চুরির ঘটনা জানতে পারে। তার কান্নাকাটিতে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা জেগে যায়।

এ সময় তার চাচা হাসান আলী তার গোয়াল ঘর থেকেও একই কায়দায় ৪ টি গরু চুরির ঘটনা দেখতে পায়। চুরি হওয়া গরুর মধ্যে রুবেলের মাঝারি আকারে ৩ টি বোকনা গরু, ১ টি গাভী, ১ টি বাছুর এবং তার চাচা হাসান আলীর ২ টি বড় গাভী, ১ টি বড় ও ১ টি মাঝারি ষাঁড় রয়েছে। এদিকে চোরেরা গো খাদ্যের জন্য রুবেলের খড়ের পালার কিছু অংশ ভেঙ্গে নিয়ে যায়।

চুরি যাওয়া গরুর আনুমানিক মূল্য প্রায় ৭ লক্ষ টাকা বলে গরুর মালিকেরা দাবী করেছেন। চুরির ঘটনা সান্তাহার ফাঁড়ি ও আদমদীঘি থানা পুলিশকে জানানো হয়েছে। দুই গোয়াল থেকে তালা কেটে ৯ গরু চুরির ঘটনায় গরু লালন পালনকারী কৃষক ও খামারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।