বশেমুরবিপ্রবির এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

রিফাত ইসলাম,বশেমুরবিপ্রবি প্রতিনিধি ।।
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) মনীষা হিরা (২২) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ওই শিক্ষার্থীর নাম মনীষা হীরা। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
রবিবার (১১ অক্টোবর) ভোর ৬ টায় গোপালগঞ্জের সবুজবাগে ভাড়া বাসার একটি কক্ষে মনীষার ঝুলন্ত দেহ দেখতে পায় তার বাবা-মা। বিভাগটির শিক্ষকেরা ধারণা করছেন, বিষণ্ণতা থেকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে ঐ শিক্ষার্থী।
জানা যায়, গত ছয়মাস ধরে মনীষা ঘরের বাইরে যায়নি। এমনকি দীর্ঘদিন ধরে বন্ধুদের সাথে তার যোগাযোগও বিচ্ছিন্ন ছিল। এদিকে নভেম্বরের ২ তারিখে বিয়ে হওয়ার কথা ছিল মনীষা হিরার। মেধাবী শিক্ষার্থীর এমন মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে।
আত্মহত্যার বিষয়ে তার বিভাগের এক শিক্ষার্থী নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করে বলেন “যতটুকু জেনেছি তার সাথে এক জনের সম্পর্ক ছিলো। সেই ছেলে জব করতো।আনুমানিক মাস খানেক আগে সেও আত্মহত্যা করে বলে জেনেছি।”
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী জানান মনীষা হীরার বাসা থেকে বিয়ে ঠিক করা হয়েছিলো।আগামী মাসের ২ তারিখে বিয়ে হওয়ার কথা ছিলো। কিছুদিন আগে তার সাথে সম্পর্ক থাকা ছেলেটিও আত্মহত্যা করে।এই নিয়েই ডিপ্রেশনে থাকতো সে।এই ডিপ্রেশনেই আত্মহত্যা করেছে বলে শুনেছি।
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষকও জানান উক্ত শিক্ষার্থীকে আগে থেকেই ডিপ্রেসড মনে হতো।ডিপ্রেশন থেকেই আত্মহত্যা করে থাকতে পারে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রীর লাশ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য লাশ হাসপাতালে নেওয়া হয়েছে।
