জকোভিচকে হারিয়ে ফরাসী ওপেন চ্যাম্পিয়ন নাদাল

অনলাইন ডেস্ক ।।

ফ্রেঞ্চ ওপেন টেনিসের রাজা বলা হয় স্পেনের রাফায়েল নাদালকে। সেই রাজার মাথাতেই শোভা পেল শিরোপার মুকুট। এ বছরের ফ্রেঞ্চ ওপেনেও চ্যাম্পিয়ন হলেন নাদাল।

গতরাতে টুর্নামেন্টের ফাইনালে দ্বিতীয় বাছাই নাদাল ৬-০, ৬-২ ও ৭-৫ গেমে হারিয়েছেন শীর্ষ বাছাই সার্বিয়ার নোভাক জকোভিচকে।

২ ঘন্টা ৪১ মিনিট সময় নিয়ে জকোভিচকে সরাসরি সেটে হারিয়ে রেকর্ড ১৩তম বারের ফরাসি ওপেনের শিরোপার স্বাদ নেন নাদাল। সেই সাথে গ্র্যান্ড স্ল্যামের ইতিহাসে সর্বোচ্চ শিরোপা জয়ে সুইজারল্যান্ডের রজার ফেদেরারকে র্স্পশ করলেন তিনি। এখন ফেদেরার-নাদালের ২০টি করে গ্র্যান্ড স্ল্যাম শিরোপা।

এবারের ফাইনালের আগে রোলাঁ গারোতে ১২টি শিরোপা ছিলো নাদালের। ১২বার ফাইনালে উঠে সবক’টিতেই জিতেছেন তিনি। তাই জকোভিচের বিপক্ষে স্পষ্টভাবেই ফেভারিট ছিলেন নাদাল। কিছু পরিসংখ্যানে জকোভিচের চেয়ে পিছিয়েও ছিলেন তিনি। কিন্তু সেইসব পরিসংখ্যান, এই ফাইনালের জন্য মোটেও গুরুত্ব বহন করেনি। এছাড়া এবারের আসরে কোন সেট না হেরে ফাইনালে উঠেছেন নাদাল। তাই শিরোপা যে, নাদালই পাচ্ছেন সেটিও অনেকে ধরে নিয়েছেন।

২-০ গেমে এগিয়ে শিরোপায় ‘চুমু’ স্বপ্ন দেখতে শুরু করে দেন নাদাল। কিন্তু ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠেন জকোভিচ। দারুন লড়াইয়ে নাদালকে পরাভূত করার পথ তৈরি করতে থাকেন তিনি। কিন্তু নাছোরবান্দা নাদাল, জকোভিচের সাথে পাল্লা দিয়ে লড়াই করেন। ফলে হাড্ডহাড্ডি লড়াইয়ে জমে উঠে সেটটি। একসময় খেলার আবহ বলছিলো, সেটটি টাইব্রেকারে গড়াবে। কিন্তু না, সেটের শেষদিকে, নাদালের সাথে আর পেরে উঠতে না পেরে হারকে বরণ করে নেন জকোভিচ। এবার ৭-৫ গেমে সেট জিতে টানা চতুর্থবারের মত ফরাসির ওপেনের শিরোপা জয় নিশ্চিত করেন নাদাল। সেই সাথে ফ্রেঞ্চ ওপেনে ১শতম জয়ের মাইলফলক স্পর্শ করলেন ৩৪ বছর বয়সী নাদাল। ১৫ বছরে ১০২ ম্যাচে ১শ জয়ে নাদালের জয়ের হার ৯৮ দশমিক ০৪ শতাংশ। ঈর্শ্বনীয় বটে।

তাই তো ম্যাচ শেষে রোলাঁ গারোকে নিজের সবকিছু বলতে দ্বিধা করেননি নাদাল, ‘রোলাঁ গারো আমার কাছে সবকিছু। এখানে আমি কখনো হতাশ হইনি। আমার টেনিস ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মূর্হুতগুলোর বেশিরভাগই আমি এখানে কাটিয়েছি, এ নিয়ে কোনো সংশয় নেই। আমার কাছে এখানে খেলাটাই সবচেয়ে বড় প্রেরণা। এখানে আসলে আমি আবেগপ্লুত হয়ে পড়ি। এই শহর, এই কোর্ট, এখানকার মাটির সাথে আমার যে ভালোবাসা, সেটা কখনো ভোলা যাবে না। সবাইকে সে জন্য অনেক-অনেক ধন্যবাদ। আবারো দেখা হবে, আবারো ভালো কিছুকে সঙ্গী করতে পারবো।’

নাদালের হাতে শিরোপা দেখে অভিনন্দন জানিয়েছে জকোভিচ। তিনি বলেন, ‘তুমি দেখিয়েছো, মাটির কোর্টে তুমি কেন রাজা!! এখানকার ট্রফি তোমার হাতেই বেশি মানায়। তোমাকে অনেক-অনেক অভিনন্দন।’

নিজের খেলায় অসন্তোষ প্রকাশ করে জকোভিচ বলেন, ‘আজকের ম্যাচটা আমার জন্য অনেক বেশি কঠিন ছিল। নাদালের মত খেলোয়াড়ের সাথে এখানে খেলাটা আরও বেশি কঠিন। এছাড়া আমি যেভাবে খেলেছি, তাতে আমি মোটেও খুশি নই। আমার খেলায় অনেক ভুল ছিলো। তবে এটি ঠিক যে, আজ কোর্টে অনেক ভালো ও দুর্দান্ত এক খেলোয়াড়ের কাছেই হেরেছি আমি।’বাসস