কার্তিকের পরিবর্তে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক মরগান

অনলাইন ডেস্ক ।।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টুয়েন্টি ক্রিকেটের দল কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্ব ছাড়লেন দিনেশ কার্তিক। তার পরিবর্তে কলকাতার অধিনায়কত্ব পেলেন ইংল্যান্ডের হয়ে গত ওয়ানডে বিশ্বকাপ জয়ী দলনেতা ইয়োইন মরগান।

শুক্রবার(১৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কার্তিকের অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স। সেই সাথে নতুন অধিনায়কের নামও ঘোষনা করেছে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ।

কার্তিকের নেতৃত্ব ছাড়ার ব্যাপারে কলকাতার প্রধান নির্বাহী বেঙ্কি মাইসুর বলেন, ‘আমরা খুব ভাগ্যবান, কার্তিকের মতো অধিনায়ক পেয়েছি, যার কাছে দলই সবার আগে। অনেক সাহস থাকলেই কেবল কারও পক্ষে এমন সিদ্ধান্ত নেয়া সম্ভব।’

তবে কার্তিকের নেতৃত্ব ছেড়ে দেয়ায় দল অবাক হয়েছে এমনটাও জানান মাইসুর, ‘আমরা তার সিদ্ধান্তে বিস্মিত, যদিও তার সিদ্ধান্তকে আমরা সম্মান জানাই।’

মরগানের হাতে দায়িত্ব তুলে দিতে পেরে খুশী কলকাতার মাইসুর, ‘আমরা মরগানকে নিয়েও ভাগ্যবান, ২০১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের অধিনায়ক, এতদিন সহ-অধিনায়কের দায়িত্বে ছিলেন তিনি। প্রতিযোগিতার বাকি অংশে দলকে নেতৃত্ব দেয়ার সুযোগ পেয়েছেন তিনি। কার্তিক-মরগান একত্রে কাজ করে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’