গ্লোব বায়োটেকের করোনা ভ্যাকসিন তালিকাভুক্ত করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্ক ।।
বাংলাদেশের গ্লোব বায়োটেকের তৈরি করোনা ভ্যাকসিন ব্যানকোভিড’কে তালিকাভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
শনিবার (১৭ অক্টোবর) সংস্থাটি তাদের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করেছে। এতে দেখা গেছে, গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অব কোম্পানিজ লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেডের ৩টি ভ্যাকসিন প্রি-ক্লিনিক্যাল টেস্টের জন্য তালিকা ভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
গ্লোব বায়োটেকও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৫ অক্টোবর গ্লোব বায়োটেকের আবিষ্কৃত তিনটি ভ্যাকসিনকে কোভিড-১৯ ভ্যাকসিন ক্যান্ডিডেট তালিকায় অন্তর্ভুক্ত করেছে।’
এর আগে দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের তৈরি ভ্যাকসিন করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে সক্ষম বলে জানিয়েছিল মার্কিন মেডিক্যাল জার্নাল বায়োআর্কাইভ। ৩০ সেপ্টেম্বর বায়োআর্কাইভ মেডিক্যাল জার্নালে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়।
গ্লোব বায়োটেক লিমিটেডের ডা. মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘আমরা আমাদের টিকা প্রাণীর দেহে সফলভাবে পরীক্ষা করতে সক্ষম হয়েছি। আগামী বছরের জানুয়ারি থেকে বাণিজ্যিকভাবে এই ভ্যাকসিন বাজারে ছাড়ার বিষয়ে আশা ব্যক্ত করেন তিনি।
গ্লোব বায়োটেকের রিসার্স অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের প্রধান ডা. আসিফ মাহমুদ গত ১২ আগস্ট গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে ডিসেম্বরে বাংলাদেশের বাজারে করোনা ভ্যাকসিন নিয়ে আসার ব্যাপারে আশা প্রকাশ করেন। তার এই আশাবাদ প্রকাশের একমাস পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রি-ক্লিনিক্যাল টেস্টের তালিকাভুক্ত করলো।
প্রি-ক্লিনিক্যাল ট্রায়ালের তালিকায় ইউনিভার্সিটি অব ক্যামব্রিজের ভ্যাকসিনসহ ১৫৬টি কোম্পানি রয়েছে।
