আদমদীঘিতে দেড় মন গাঁজাসহ তিন ব্যবসায়ী আটক

হাবিব শিমুল, আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি ।।
শনিবার(২৪ অক্টোবর) দুপুরে বগুড়ার আদমদীঘিতে ৬০ কেজি গাঁজাসহ তিন ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আদমদীঘি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কে,এইচ, এম এরশাদের নেতৃত্বে একদল পুলিশ সান্তাহার-বগুড়া আঞ্চলিক মহাসড়কের আদমদীঘি বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। 
বেলা ১২টার দিকে ওই স্থানে একটি জীপ গাড়ী (নং-ঢাকামেট্রো-১১-৩৩৫৬) আটকানো হয়। এরপর পুলিশ গাড়িটি তল্লাশী করে ৬০ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় জীপ গাড়ীসহ আটক করা হয় তিন ব্যবসায়ীকে।
আটককৃতরা হল, কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার অনন্তপুর গ্রামের আলমগীর হোসেন(২৮),  টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দূর্গাপুর গ্রামের আব্দুর রহিম(৩০) এবং বরিশালের বানারীপাড়ার রিপন হোসেন। তারা নারায়নগঞ্জের রূপগঞ্জ থেকে গাঁজা নিয়ে নওগাঁ জেলার বদলগাছীতে যাচ্ছিল।
এ রিপোর্ট পাঠানো সময় পর্যন্ত থানায় মামলা হয় নি। শেষ খবর পাওয়া পর্যন্ত আটক রিপনকে সাথে নিয়ে আরো গাঁজা উদ্ধার এবং অন্যান্য মাদক ব্যাবসায়ীদের আটকের জন্য অভিযান পরিচালিত হচ্ছিলো।