অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী খেলোয়াড়দের হাতে দেশের ক্রিকেটের উজ্জল ভবিষ্যৎ

অনলাইন ডেস্ক ।।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই পেসার রুবেল হোসেন ও তাসকিন আহমেদ মনে করেন,দেশের ক্রিকেটের উজ্জল ভবিষ্যৎ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী খেলোয়াড়দের হাতে ।
বিসিবি প্রেসিডেন্ট কাপ দিয়ে যুবাদের সাথে খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন রুবেল ও তাসকিন। এই টুর্নামেন্টে অনেক প্রতিভাবান খেলোয়াড়কে দেখেছেন রুবেল-তাসকিন। যারা ভয় ছাড়াই যেকোন বোলারকে মোকাবেলা করেছেন।
তৌহিদ হৃদয়, মাহমুদুল হাসান জয়, রিশাদ আহমেদের মতো খেলোয়াড়দের ম্যাচ জেতানো ইনিংসের কারনে তাদের হাতে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যত নিরাপদ।
অধিনায়ক আকবর আলী, ওপেনার তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমনদের মতো অন্য খেলোয়াড়রা টুর্নামেন্টে নিজেদের সেরাটা দিতে না পারলেও, গুরুত্বপূর্ণ সময়ে তারা জ্বলে উঠবে বলে অনেকেরই বিশ্বাস।
রুবেল বলেন, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের নির্বাচিত খেলোয়াড়রা সত্যিই ভালো খেলোয়াড়। তারা নিজেদের সেরাটা দিয়েছেন, যা খুবই আনন্দায়ক বিষয়।’
তিনি আরও বলেন, ‘আমি বিশেষ কোন খেলোয়াড়ের নাম বলবো না, তবে দু’তিনজন খেলোয়াড় আছে যাদের ভবিষ্যতে উজ্জল। আমি মনে করি, তারা বাংলাদেশের ভবিষ্যত তারকা।’
বিসিবি প্রেসিডেন্টস কাপের মতো একটি প্লাটফর্ম তৈরি করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ধন্যবাদ জানিয়েছেন তাসকিন। এই টুর্নামেন্টের মাধ্যমে সিনিয়র খেলোয়াড়দের সাথে এবং বিপক্ষে খেলার সুযোগ পেয়েছে তরুণরা।
তাসকিন বলেন, ‘সবার জন্য দারুন এক প্লাটফর্ম তৈরি করার জন্য বিসিবিকে ধন্যবাদ দিচ্ছি। এখানে সিনিয়রদের সাথে এবং বিপক্ষে খেলছে জুনিয়ররা। যা তাদের অভিজ্ঞ করছে।’
তিনি আরও বলেন, ‘অনূর্ধ্ব -১৯ দলের কিছু ব্যাটসম্যান এবং বোলাররা তাদের সেরা প্রতিভা দেখিয়েছে। আশা করি তারা এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারবে এবং ভবিষ্যতেও ভালো করবে।’বাসস
