বিসিবি প্রেসিডেন্টস কাপের শিরোপা জিতলো মাহমুদুল্লাহ একাদশ

অনলাইন ডেস্ক ।।

বিসিবি প্রেসিডেন্টস কাপের শিরোপা জিতলো মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন মাহমুুদুল্লাহ একাদশ।

রবিবার(২৫ অক্টোবর) ফাইনালে মাহমুদুল্লাহ একাদশ ৭ উইকেটে হারিয়েছে নাজমুল একাদশকে।

শিরোপা নির্ধারনী ম্যাচে প্রথমে ব্যাট করে ১৭৩ রানে অলআউট হয় নাজমুল একাদশ। নাজমুল একাদশকে বড় স্কোর গড়তে দেননি মাহমুদুল্লাহ একাদশের পেসার সুমন খান। ১০ ওভারে ৩৮ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। সুমনের বোলিং তোপের মাঝেই নাজমুল একাদশকে সম্মানজনক স্কোর এনে দিয়েছেন সাত নম্বরে নামা ব্যাটসম্যান ইরফান শুক্কুর। ৭৭ বলে ৭৫ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি।

জবাবে লিটন দাসের ৬৮ ও ইমরুল কায়েসের অপরাজিত ৫৩ রানের সুবাদে ১২২ বল বাকী রেখেই জয় পেয়ে যায় মাহমুদুল্লাহ একাদশ।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন মাহমুদুল্লাহ একাদশের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। বল হাতে প্রথম ওভারের পঞ্চম বলেই নাজমুল একাদশে আঘাত হানেন মাহমুদুল্লাহ একাদশের ইনফর্ম পেসার রুবেল হোসেন। ওপেনার সাইফ হাসানকে ৪ রানে ফিরিয়ে দেন তিনি।

টস হেরে ব্যাটিংয়ে নামা নাজমুল একাদশ শুরুতেই বিপদে পড়ে। হাসান মাহমুদ চোট পাওয়ায় মাহমুদউল্লাহ একাদশের হয়ে সুযোগ পাওয়া সুমন খান ফাইনালে করেছেন দুর্দান্ত বোলিং। তার বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি নাজমুল একাদশের টপ অর্ডার ব্যাটসম্যানরা। একে একে সাইফ, সৌম্য, মুশফিক ও আফিফকে বিদায় করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে নিয়ে নেন সুমন খান। তবে ৬৪ রানে ৫ উইকেট হারিয়ে খাদের কিনারায় থাকা দলকে ম্যাচে ফেরান তৌহিদ হৃদয়-ইরফান শুক্কুর জুটি। দুজন মিলে ৬ষ্ঠ উইকেটে করেন ৭০ রান। তৌহিদ ২৬ রানে আউট হলেও ইরফান খেলেন ৭৫ রানের দারুণ এক ইনিংস। ৭৭ বলে ৮ চার ও ২ ছক্কায় ৭৭ বলে ৭৫ রানের ইনিংস খেলে রুবেল হোসেনের শিকারে পরিণত হন ইরফান।

মাহমুদউল্লাহ একাদশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল বোলার সুমন খান। ১০ ওভারে ৩৮ রান খরচায় নিয়েছেন ৫টি উইকেট। এছাড়া পুরো টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ভালো করা রুবেল ২৭ রানে নিয়েছেন দুটি উইকেট। এছাড়া ইবাদত, মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ নিয়েছেন একটি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

নাজমুল একাদশ: ৪৭.১ ওভারে ১৭৩ (ইরফান ৭৫, নাজমুল ৩২, তৌহিদ ২৬, মুশফিকুর ১২; সুমন ৫/৩৮, রুবেল ২/২৭,ইবাদত ১/১৮, মেহেদী ১/৩৯, মাহমুদউল্লাহ ১/২৮)। মাহমুদউল্লাহ একাদশ: ২৯.৪ ওভারে ১৭৭/৩(লিটন দাস ৬৮, ইমরুল কায়েস ৫৩*, মাহমুদউল্লাহ ২৩* মাহমুদুল হাসান ১৮; নাসুম ২/৪৮, আল আমিন ১/৩২)

ফল : মাহমুুদুল্লাহ একাদশ ৭ উইকেটে জয়ী।