আদমদীঘি-আবাদপুকুর সড়কের বেহাল দশা

মোঃ আহসান হাবিব শিমুল,আদমদিগি(বগুড়া) প্রতিনিধি ।।

পুনঃনির্মানের পর বছর ঘুরতে না ঘুরতেই আদমদীঘি-আবাদপুকুর সড়কের বেহাল দশার সৃষ্টি হয়েছে। সড়কতো নয় যেন আমন আবাদের চষা জমি।

উপজেলা সদরের বাজার থেকে মিটারগেজ রেলওয়ে লেভেল ক্রসিং হয়ে কুসুম্বী পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটার সড়কের বিভিন্ন জায়গায় কার্পেটিং উঠে বড় বড় খানা-খন্দক সৃষ্টি হয়েছে। এই অঞ্চলের ধানের বড় মোকাম আবাদপুকুর-কালীগঞ্জ এলাকার  প্রধান এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করছে মারাত্মক ঝুঁকি নিয়ে। বাজে রাস্তার কারনে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

জানা গেছে, ২০১৮ সালের শেষে শুরু করে ২০১৯ সালের প্রথম দিকে এ সড়কের সংস্কার কাজ শেষ করে বগুড়ার মেসার্স এম,এম বিল্ডার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। আদমদীঘি থেকে আবাদপুকুর পর্যন্ত ১৫ কিলোমিটার সড়কের মধ্যে সাড়ে ৪ কিলোমিটার অংশ আদমদীঘি উপজেলার। আদমদীঘি উপজেলা প্রকৌশল দপ্তর সূত্রে জানা গেছে, এই সাড়ে ৪ কিলোমিটার সড়ক উন্নত ও টেকসই করার জন্য ব্যয় করা হয়েছে এক কোটি ৮২ লাখ টাকা। এ ছাড়াও ১২ ফুট থেকে বাড়িয়ে ১৮ ফুট প্রস্থ করার কথা থাকলেও তা করা হয় নি।

পুরনো ইটের খোয়া, নিম্নমানের বালু এবং নামমাত্র বিটুমিন ব্যবহার করে দায়সারা ভাবে কাজ শেষ করে সমুদয় বিল তুলে নিয়ে চলে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান। ভুক্তভোগী এলাকাবাসীদের অভিযোগ, সড়কের কাজ নিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ সে সময় কর্মরত উপজেলা প্রকৌশলীকে জানানো হলেও তিনি কর্ণপাত করেন নি। বরং উল্টো অভিযোগকারিদের সাথে অসদাচরণ করেন।

এ বিষয়ে বর্তমান উপজেলা প্রকৌলশী সাজেদুর রহমান গণমাধ্যম কর্মীদের জানান, সে সময়ের উপজেলা প্রকৌশলী কি ভাবে কাজটি বুঝে নিয়েছেন তা আমার জানা নেই। তিঁনি আরো জানান, সম্প্রতি সরেজমিন সড়কটি পরিদর্শন করা হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে ভেঙে গিয়ে বড় বড় খানা-খন্দকের সৃষ্টি হয়েছে এবং কোথাও কোথাও সড়ক দেবে গিয়ে যান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটছে। সড়কের বিভিন্ন স্থানের দুই পাশে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সড়কটি দ্রুত নষ্ট হয়েছে।

এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করবো।