গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে শেষ মুহূর্তের সমাবেশ ট্রাম্প-বাইডেনের

অনলাইন ডেস্ক ।।

নির্বাচনের আগে শেষ মুহূর্তের প্রচারণায় গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে শনিবার(৩১ অক্টোবর) সমাবেশ করেছেন ট্রাম্প ও বাইডেন।

নির্বাচনে ব্যাটলগ্রাউন্ড রাজ্য হিসেবে বিবেচিত পেনসিলিভিনিয়ার একাধিক জায়গায় সমাবেশ করেন রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছোট্ট শহর নিউটাউনে ট্রাম্প বলেন, এই সেই রাজ্য যেখানে আমেরিকার স্বাধীনতার গল্প শুরু হয়েছিল।

বাকস কাউন্টিতে ট্রাম্প বাইডেনের সমালোচনা করে বক্তব্য রাখেন। এছাড়া দেশের ইতিহাসের সবচেয়ে ভালো অর্থনীতি তিনি উপহার দিয়েছেন বলেও উল্লেখ করেন।

এদিকে মিশিগানে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ডেমাক্রেট প্রার্থী জো বাইডেন। তার সঙ্গে এই প্রথমবারের মতো যোগ দিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তারা সামাজিক দূরত্ব বজায় রাখা গাড়ি সমাবেশে যোগ দেন। এ সমাবেশে সমর্থকেরা সকলে গাড়িতেই অবস্থান করেন।
ডেট্রয়েটে যাওয়ার পথে তারা ব্লুমফিল্ড হিলসে অনির্ধারিত সমাবেশ করেন। এখানে তাদের সাথে সুপারস্টার সিঙ্গার স্টিভ উন্ডার যোগ দেন।

ফ্লিন্ট ও ডেট্রয়টের সমাবেশে ওবামা বলেন, প্রেসিডেন্ট কানাডার মতো পদক্ষেপ নিলে এক লাখ ৪০ হাজার আমেরিকানের জীবন বাঁচানো সম্ভব হতো।
বাইডেন বলেন, দায়িত্ব নেয়ার বদলে আমরা কেবল হৈ চৈ, টুইট, ক্ষোভ ও ব্যর্থতা নিয়ে আছি।

এদিকে বাইডেনের প্রচারণা শিবির থেকে বলা হয়েছে, নির্বাচনের রাতে বাইডেন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।

যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচন করোনা মহামারির কারণে অনেকটাই ম্লান হয়ে পড়েছে। বিশে^ করোনার সংক্রমণ ও মৃত্যু দুটোই এখনও যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি।বাসস