সেমিস্টার ফি মওকুফের দাবি জবি শিক্ষার্থীদের স্মারকলিপি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রতিনিধি ।।

সেমিস্টার ফি মওকুফের দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

আজ সোমবার(২ নভেম্বর) সাধারণ শিক্ষার্থীদের পক্ষে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ১২ ব্যাচের শিক্ষার্থী মনিরুল ইসলাম ফারুক, হারুনুর রশিদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ১৩ ব্যাচের শিক্ষার্থী জয়নুল হক ও একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস ১৫ ব্যাচের শিক্ষার্থী শরিফুল ইসলাম শ্রাবণ উপাচার্যের নিকটে এ স্মারকলিপি প্রদান করেন।

তারা বলেন, সাম্প্রতিক করোনা সংকট মোকাবিলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী অর্থনৈতিকভাবে বিপর্যস্ত অবস্থায় আছে। গত আট মাস ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও শিক্ষার্থীদের মেস ভাড়াসহ আনুষঙ্গিক ব্যয় থেমে নেই। এর মধ্যে শিক্ষার্থীরা তাদের সংকট মোকাবেলায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট একাধিক বিষয়ে সাহায্য চেয়েও কোনো প্রকার সাড়া পায়নি। আমরা নিজে এসকল সমস্যার ভুক্তভোগী।

তাই সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে শিক্ষার্থীদের থেকে চলমান সেমিস্টারের ভর্তি ফি মওকুফের দাবি জানিয়েছি আমরা।

স্মারকলিপি প্রদানকালে উপাচার্য ড. মীজানুর রহমান বলেন, সেমিস্টার ফি মওকুফ করতে হলে তোমরা সব শিক্ষার্থী শিক্ষা মন্ত্রনালয়ে আবেদন কর। বিশ্ববিদ্যালয় প্রশাসন সেমিস্টার ফি মওকুফ করতে পারবেনা। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় মওকুফ করে তাহলে আমরাও করব।