মুজিব বর্ষে আদমদীঘিতে ১০০ ভূমিহীন ও গৃহহীন পাচ্ছে জমিসহ দুর্যোগ সহনীয় বাড়ি

আহসান হাবিব শিমুল,আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি ।।
বাঙ্গালি জাতির জনক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী তথা মুজিব বর্ষ উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলার একশত জন ভূমিহীন ও গৃহহীন জমিসহ পাচ্ছে দুর্যোগ সহনীয় বাড়ি।
বেদখলে থাকা সরকারি খাস জমি উদ্ধার করে সে জমিতে নির্মান করা হবে এসব বাড়ি। এ সংক্রান্ত নির্দেশনা পাবার পর থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা হক উপজেলার ৫ ইউনিয়নে থাকা খাস জমি চিহ্নিত করে উদ্ধার এবং লাল নিশানা দিয়ে সীমানা নির্ধারণ কাজ চালাচ্ছেন দ্রুতগতিতে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে উপজেলার প্রকৃত ভূমিহীন ও গৃহহীনদের পুর্নবাসনে এক কোটি ৭১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
জানা গেছে, চলতি অর্থ বছরে গ্রামীন অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় ওই পরিমান অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি বাড়ির জন্য দুই শতক জমিতে দুইটি সেমিপাকা কক্ষ, বারান্দা, রান্নাঘড় এবং স্বাস্থ্য সম্মত পায়খানা নির্মানে ব্যয় নির্ধারণ করা হয়েছে এক লাখ ৭১ হাজার টাকা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন বলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের মাধ্যমে উপজেলার ৬ ইউনিয়নের মধ্যে ৫ টিতে ওই পরিমান বাড়ি নির্মানে প্রয়োজনীয় খাস জমি নির্ধারণের কাজ দ্রুত গতিতে চলছে। অচিরেই জমি নির্ধারণের কাজ শেষে চিহ্নিত জমিতে ভূমিহীন ও গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় বাড়ি নির্মানের কাজ শুরু করা হবে।
নির্বাচিত ৫ ইউনিয়নের মধ্যে আদমদীঘি সদর ইউনিয়নে বাড়ির সংখ্যা-৯। ছাতিয়ানগ্রাম ইউনিয়নে বাড়ির সংখ্যা-১০, সান্তাহার ইউনিয়নে বাড়ির সংখ্যা-১১, কুন্দুগাম ইউনিয়নে বাড়ির সংখ্যা-১২ এবং চাঁপাপুর ইউনিয়নে সর্বাধিক ৫৮ টি বাড়ি নির্মানের তালিকা সম্পন্ন করা হয়েছে। এ প্রকল্পের প্রধান হিসাবে রয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।
সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা হক গণমাধ্যম কর্মীদের বলেন, আগামী ১৫ জানুয়ারির মধ্যে সব কাজ সম্পন্ন করার নির্দেশনা রয়েছে। সময় অল্প হলেও নিস্কন্টক খাস জমি নির্ধারণে দ্রুতগতিতে কাজ চালানো হচ্ছে।
