ট্রাম্পের অভিযোগ খারিজ

অনলাইন ডেস্ক ।।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তোলা ভোট জালিয়াতির অভিযোগ খারিজ করে দিয়েছেন মার্কিন নির্বাচন কর্মকর্তারা। এ বিষয়ে গঠিত একটি কমিটি নির্বাচন নিয়ে বলেছে—‘এই নির্বাচন যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম সুরক্ষিত নির্বাচন। কোনো ভোটিং ব্যবস্থায় ভোট হারিয়েছে, বদল হয়েছে বা অন্য কোনোভাবে পরিবর্তন হয়েছে—এমন কোনো প্রমাণ মেলেনি।’

বৃহস্পতিবার(১২ নভেম্বর) মার্কিন নির্বাচন নির্বাচন কর্মকর্তারা এই ঘোষণা দেন।

প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো প্রমাণ ছাড়াই তাঁর ২৭ লাখ ভোট চুরি করা হয়েছে বলে দাবি জানানোর প্রেক্ষাপটে এই ঘোষণা এলবিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, গত শনিবার সকালে মার্কিন নির্বাচনের প্রাথমিক ফল ঘোষণা করে সংবাদমাধ্যমগুলো। কিন্তু এক সপ্তাহ পেরিয়ে গেলেও নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে শুভেচ্ছা জানানো দূরে থাক, নির্বাচনের প্রাথমিক ফল মেনে নিয়ে কোনো বিবৃতিও দেননি ট্রাম্প। ৩ নভেম্বর অনুষ্ঠিত এ নির্বাচনের চূড়ান্ত ও সরকারি ফল এখনো ঘোষিত হয়নি। তবে গত ৭০ বছরে দ্বিতীয় ডেমোক্র্যাট হিসেবে অ্যারিজোনায় জয় নিশ্চিত করে বাইডেন তাঁর অবস্থান আরও দৃঢ় করেছেন। এখন তাঁর ঘরে রয়েছে ২৯০টি ইলেকটোরাল ভোট। আর ডোনাল্ড ট্রাম্পের রয়েছে ২১৭টি ইলেকটোরাল ভোট।

ডোনাল্ড ট্রাম্পের করা ভোট জালিয়াতির অভিযোগ খারিজ করে দেওয়া নির্বাচন কর্মকর্তাদের এই ঘোষণা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, ট্রাম্প ও তাঁর ঘনিষ্ঠদের নির্বাচনে অনিয়ম নিয়ে করা অভিযোগ খণ্ডন করে এটিই ফেডারেল ও অঙ্গরাজ্য পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের দেওয়া প্রথম ঘোষণা। যৌথ এই ঘোষণাটি প্রকাশ করে যুক্তরাষ্ট্রের ইলেকশন ইনফ্রাস্ট্রাকচার কো-অর্ডিনেটিং কাউন্সিল। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি, ইউএস ইলেকশন অ্যাসিস্ট্যান্স কমিশন এবং অঙ্গরাজ্য পর্যায়ের নির্বাচন পর্যবেক্ষণকারী কর্মকর্তা ও ভোটিং মেশিন শিল্পের প্রতিনিধিদের সমন্বয়ে এই কাউন্সিল গঠিত।

বিবৃতিতে ইলেকশন ইনফ্রাস্ট্রাকচার কো-অর্ডিনেটিং কাউন্সিল বলে, ‘৩ নভেম্বরের নির্বাচন ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম সুরক্ষিত নির্বাচন। এই মুহূর্তে সারা দেশে নির্বাচন কর্মকর্তারা ফল চূড়ান্তের আগে পুরো নির্বাচন প্রক্রিয়া পর্যালোচনা করে দেখছেন। আমাদের নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রমাণহীন বেশ কিছু দাবি ও ভুয়া তথ্য চাউর হলেও আমরা সবাইকে এই নিশ্চয়তা দিতে পারি যে, আমাদের নির্বাচনের নিরাপত্তা ও স্বচ্ছতা এবং এতে আমাদের আস্থা অত্যন্ত উঁচু মানের। একই ধরনের আস্থা ও বিশ্বাস আপনারও থাকা উচিত।’