অনলাইনে মোবাইলের অর্ডার দিয়ে পেলেন বাক্সভর্তি কাঠের টুকরা

অনলাইন ডেস্ক ।।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মোবাইল ফোন অর্ডার দিয়ে ফোনের পরিবর্তে বাক্সভর্তি কাঠের টুকরা পেয়েছেন এক ব্যক্তি। পরে তার অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজধানীর রূপনগর থানা এলাকা থেকে আবুল কালাম (৪১) নামে এক প্রতারককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

মঙ্গলবার(২৪ নভেম্বর) তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল।

তিনি জানান, আটক আবুল কালাম ভিন্ন নামে ফেসবুকে একটি ফেক আইডি চালাতেন। সেই আইডি থেকে জনপ্রিয় একটি প্রতিষ্ঠানের নামে স্যামসাং কোর এ-২ মডেলের মোবাইল ফোন বাজার মূল্যের চেয়ে কম দামে বিক্রির বিজ্ঞাপন দেন।

তার এই বিজ্ঞাপনের ফাঁদে পড়ে এক ব্যক্তি ৮০টি মোবাইল ফোন কেনার জন্য অনলাইনে অর্ডার করেন। কিন্তু ডেলিভারির সময় মোবাইল ফোন না দিয়ে মোবাইল বাক্সের ভেতর কাঠের টুকরা দিয়ে দেন প্রতারক আবুল কালাম।

এভাবে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জনের সঙ্গে অনলাইনে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। আটক আবুল কালামের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।-বাংলাদেশ প্রতিদিন