নোয়াখালীতে নারী নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে গণসমাবেশ অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি ।।
নোয়াখালীতে নারী নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে ‘জাগো বাংলাদেশ’ শ্লোগানকে সামনে রেখে নারী নির্যাতন বিরোধী সমাবেশের আয়োজন করা হয়।
বুধবার(২৫ নভেম্বর) সকালে জেলা শহর মাইজদীর মুজিব চত্বরে জেলা নারী অধিকার জোট, নাগরিক অধিকার সহায়ক জোটসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংগঠনের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়। পক্ষকালব্যাপি নারী নির্যাতন ও প্রতিরোধ বিরোধী পক্ষের উদ্বোধন করেন জেলা প্রশাসক খোরশেদ আলম খান।
সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন।অন্যদের বক্তব্য রাখেন-নারী নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের নোয়াখালী কমিটির যুগ্ম আহ্বায়ক ও এনআরডিএস’র প্রধান নির্বাহী আবদুল আউয়াল, যুগ্ম আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি মোল্লা হাবিবুর রাছুরল মামুন, নারী অধিকার জোটের আহ্বায়ক লায়লা পারভীনসহ বিভিন্ন নারী অধিকার ও মানবাধিকার সংগঠনের নেতারা ।
সমাবেশে বক্তারা দেশের প্রত্যেকটি গ্রামে নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা নারী পুরুষ সমতা নিশ্চিতে স্থানীয় সরকার পরিষদ সদস্যদের সজাগ দৃষ্টি রাখা, দ্রুততম সময়ে বিচারকার্য নিশ্চিত করা, যুবকদের এগিয়ে আসার আহ্বান জানান। উদ্বোধনী এ সমাবেশে অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন উন্নয়ন সংগঠন, পেশাজীবী সংগঠন, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও নাগরিক প্রতিনিধিগণ।
