৫০ ভাগ মানুষই জানেন না সে ডায়াবেটিসে আক্রান্ত

অনলাইন ডেস্ক ।।

বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে ডায়াবেটিস। আর এই রোগ একবার হলে সেটা পুরোপুরি ভালো হয় না, তখন নিয়ন্ত্রণ করতে হয়। তাছাড়া ডায়াবেটিস আছে এমন রোগীদের মধ্যে অন্তত ৫০ শতাংশ জানেন না যে, তার ডায়াবেটিস আছে। এজন্য জনসচেতনতা বাড়ানো খুবই জরুরি।যদিও টাইপ-২ ডায়াবেটিস ৭০ শতাংশ সম্পূর্ণ প্রতিরোধ করা যায়। তবে তা অবশ্যই ডায়াবেটিস রোগ হওয়ার আগে।

দেশে বর্তমানে প্রায় ২৫ শতাংশ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত বলে জানিয়েছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি। প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন এলাকায় তাদের হাসপাতালে রোগীদের ওপর জপির চালিয়ে এমন তথ্য পেয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ডায়াবেটিস রোগ ব্যয়বহুল। বাংলাদেশে কত মানুষ ডায়াবেটিসে আক্রান্ত, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই। তবে পরিসংখ্যান না থাকলেও আক্রান্তের সংখ্যা যে আশঙ্কাজনক হারে বাড়ছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষ এখন ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। তবে টাইপ-১ বা ইনসুলিননির্ভর ডায়াবেটিস অধিক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ডায়াবেটিস প্রতিরোধে সুশৃঙ্খল জীবনযাপন করতে হবে।

বিশেষজ্ঞরা বলছেন, দেশে বর্তমানে এমন কোনো পরিবার পাওয়া যাবে না যে পরিবারে ডায়াবেটিসে আক্রান্ত কেউ নেই। তবে অনেকে সে কথা জানে না। পরীক্ষাও করায় না। অনেকে অন্য রোগের চিকিৎসা করাতে গিয়ে প্রথমবারের মতো জানতে পারে সে ডায়াবেটিসে আক্রান্ত।

২০৩০ সালের মধ্যে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে ডায়াবেটিসসহ অসংক্রামক রোগগুলো নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করতে হবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। একই সঙ্গে ডায়াবেটিস প্রতিরোধে জীবনযাত্রার মান ও খাদ্যাভ্যাস পরিবর্তনের পাশাপাশি কায়িক পরিশ্রম করতে হবে। নিয়মিত হাঁটাচলা ও ব্যায়াম করতে হবে। মাত্রাতিরিক্ত ফাস্টফুড খাওয়া ও কোমল পানীয় বর্জন করতে হবে। অতিরিক্ত মানসিক চাপ, ধূমপান ও তামাক সেবন থেকে বিরত থাকতে হবে। যাদের পরিবারে বাবা-মা বা নিকট আত্মীয়ের ডায়াবেটিস আছে তাদের ৪৫ বছরের পরে রক্তের গ্লুকোস পরীক্ষা করতে হবে।

অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হৃৎপিণ্ড, কিডনি, চোখ ছাড়াও শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হলে ডায়াবেটিক রোগীকে নিয়মিত রক্ত পরীক্ষা, ইনসুলিন দেওয়া ছাড়াও ডায়াবেটিস ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় মেনে চলতে হবে।