রংপুরে ভ্রাম্যমাণ আদালতে পলিথিন বিক্রির অপরাধে ৪ লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক ।।

রংপুরে পরিবেশ দূষণকারী নিষিদ্ধ পলিথিন সংরক্ষণ, বাজারজাতকরণ ও বিক্রির অপরাধে আটটি প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ৬ টন ২৮০ কেজি পলিথিনসহ পরিবেশের জন্য ক্ষতিকর বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় রংপুর নগরীর নবাবগঞ্জ বাজারে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।

জানা যায়, রবিবার বিকেলে রংপুরের নবাবগঞ্জ বাজারে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে র‍্যাব-১৩ ও পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় নিষিদ্ধ পলিথিন সংরক্ষণ, বাজারজাতকরণ ও বিক্রয় কার্যক্রম প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

নগরীর নবাবগঞ্জ বাজারসহ বিভিন্ন বাজারেই এ ধরণের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়ে জেলা প্রশাসনের ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর এবং সরকারিভাবে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে।