সান্তাহার পৌরসভায় নৌকা প্রত্যাশী নামের সিরিয়াল নির্ধারণে লটারি

আহসান হাবিব শিমুল,আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি ।।
অবশেষে লটারি করে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী ৫ নামের তালিকা  করা হয়েছে।
মজাদার ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে। পৌর সভা নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী ১৬জানুয়ারি ২০২১ সান্তাহার পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগের তথা নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী ৫ জন।তাঁরা হলেন পৌরসভার ৮ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর (প্যানেল মেয়র-২) উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জার্সিস আলম রতন, ২০১৫’র পৌর নির্বাচনে মেয়র পদে সামান্য ভোটে পরাজিত প্রার্থী উপজেলা শ্রমিকলীগের আহবায়ক রাসেদুল ইসলাম রাজা, পৌর আওয়ামীলগের সাধারণ সম্পাদক জাহিদুর বারী, সান্তাহার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মন্টু এবং উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিয়ষক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনছার আলী।
কেন্দ্রে ছোট আকারের নামের তালিক পাঠানোর জন্য নেতৃবৃন্দ ওই ৫ জনের মধ্যে সমঝোতার চেষ্টা চালান। কিন্তু সম্ভব হয় নি। এ নিয়ে শুক্রবার বিকালে সান্তাহারে উপজেলা আওয়ামীলগ কার্যালয়ে বিশেষ সভা করা হয়। সভায় ৩ জনের নামের তালিকা করার চেষ্টা করা হয়। কিন্তু প্রত্যেকে স্ব স্ব অবস্থানে অনড় থাকে। ফলে ৫ জনের নামের তালিকা পাঠানোর সিদ্ধান্ত হয়। কিন্তু জটিলতা বাধে সিরিয়ালে কার নাম আগে থাকবে তা নিয়ে। এ নিয়ে গভীর রাত পর্যন্ত আলোচনা পর্যালোচনা করেও সমঝোতা না হওয়ায় অবশেষে নীতিনির্ধারক নেতৃবৃন্দ ৫ নামের আদ্যক্ষর নিয়ে লটারি করার সিদ্ধান্ত গ্রহন করেন।
লটারিতে এক নম্বরে জার্সিস আলম রতন, দুই নম্বরে রাসেদুল ইসলাম রাজা, তিন নম্বরে আশরাফুুল ইসলাম মন্টু, চার নম্বরে বীর মুক্তিযোদ্ধা আনছার আলী এবং পাঁচ নম্বরে জাহিদুর বারীর নাম ওঠে। শনিবার ৫ নামের তালিকা জেলা কমিটিতে পাঠানো হয়েছে।