এই শীতে দাঁতের যত্ন

শেখ আল মামুন,সাতক্ষীরা ।।
শীত এখন তীব্র । শীতের সময় শরীরের অন্য অঙ্গের সঙ্গে দাঁতের যত্নও অপরিহার্য। শীতের সময় দাঁতের পুরনো রোগগুলোই জেগে ওঠে। ঠান্ডা পানির প্রভাবে দাঁতে ব্যথা, শিরশির করা, মাড়ি ফুলে যাওয়ার প্রবণতা বাড়ে। এক্ষেত্রে গরম কিংবা ঠান্ডা পানি, এমনকি বাতাসের সংস্পর্শেও দাঁতের ব্যথা বেড়ে যায়। কারণ সেলুলোজ জাতীয় আঁশযুক্ত খাবার খুব সহজে দাঁতের ফাঁকে ও মাড়িতে আটকে যায়। দীর্ঘ সময় খাবার আটকে থাকার ফলে মাড়ি ও দাঁত দুটোই ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে পড়ে। এতে দাঁতে তীব্র ব্যথা হয়ে থাকে। স্বাভাবিকভাবে শীতের সময় এটা বেশি দেখা যায়।
আর তাই শীতের সময় দাঁতের যত্ন কিভাবে নেবেন তার জন্য রইলো পরামর্শ :
নিয়মিত করতে হবে-
* দু’বেলা দাঁত ব্রাশ করতে হবে। রাতে শোয়ার আগে ও সকালে নাস্তা খাওয়ার পর।
* সঠিক নিয়মে দাঁত মাজতে হবে। ব্রাশ সামনে-পেছনে করে দাঁত মাজা ঠিক নয়। এতে দাঁতের ক্ষয় হয়। দাঁত মাজতে হবে আস্তে আস্তে ওপরে-নিচে করে। নিচের পাটির দাঁতের জন্য ব্রাশ দাঁতের গোড়ার দিক থেকে ওপরের দিকে নিতে হবে। ঠিক তেমনি ওপরের পাটির জন্য দাঁতের গোড়ার দিক থেকে নিচের দিকে নিতে হবে।
* দেড় থেকে দুই মিনিট দাঁত মাজলেই যথেষ্ট। এর বেশি আসলে দরকার পড়ে না।
* দুপুরে খাওয়ার পর কুলিকুচি করা।
* ভালো পেস্ট ব্যবহার করতে হবে।
সমস্যা দেখা দিলে করণীয়-
* দাঁতের ব্যথা সাময়িকভাবে কমানো কোনো চিকিৎসা নয়। সব সময় দাঁতের যত্নের প্রতি গুরুত্ব দিতে হবে।
* মাড়ি থেকে যদি ব্রাশ করার সময় বা অন্য সময়ও রক্ত পড়ে তাহলে দাঁতের স্কেলিং দরকার।
* মাঝে মাঝে খাবার পর যদি দাঁত ব্যথা করে তাহলে দেরি না করে ডেন্টিস্টের সঙ্গে দেখা করুন।
* দাঁত যদি উঁচু থাকে তাহলে ডেন্টিস্টের সঙ্গে যোগাযোগ করুন। বয়স বাড়লে এর চিকিৎসা খরচ ও কষ্ট বাড়ে, দীর্ঘ সময় ধরে চিকিৎসা চালাতে হয়।
* সেনসিটিভিটি কমানোর জন্য ভালো পেস্ট ব্যবহার করতে হবে।
* অনেক সময় ব্রাশ ব্যবহারে অবহেলা ও অতিরিক্ত ব্রাশের কারণে দাঁত ক্ষয়ে যায়। এ ক্ষেত্রে দাঁতের ক্ষয়ে যাওয়া রোধে ফিলিং ও কোটিং করতে হয়। এতে ক্ষয় পূরণ হয়।
* বছরে অন্তত দু’বার ডেন্টিস্টের কাছে দাঁত দেখানো উচিত।
পরিহার করতে হবে-
* কোনো অবস্থাতেই হাঁতুড়ে ডাক্তারের কাছে যাওয়া উচিত নয়।
* দাঁত ব্যথা করলে গরম ছ্যাঁকা দেয়া উচিত নয়। বরফ দিতে হবে।
* দাঁতের পোকা বলে কিছু নেই।
* দাঁত দিয়ে নখ খুটা উচিত নয়। এতে দাঁতের ক্ষয় হয়।
* দাঁত দিয়ে পেপসি বা এ জাতীয় বোতলের মুখ খোলা উচিত নয়।