অটোরিকশার মধ্যে প্রকাশ্যে শিক্ষিকার গলায় ছুরি ধরে স্বর্ণালংকার ছিনতাই

শাকিল মাহমুদ,কমলনগর (লক্ষ্মীপুর)প্রতিনিধি।।
লক্ষ্মীপুরের কমলনগরে সিএনজিচালিত অটোরিকশার ভিতরে স্কুলশিক্ষিকা আবিদা সুলতানার গলায় ছুরি ধরে স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।
(২৯ ডিসেম্বর)সোমবার সকাল ১০টার দিকে রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের কমলনগরের ফোরকানিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্কুলশিক্ষিকা আবিদা সুলতানা কমলনগরের দক্ষিণ-পূর্ব চর ফলকন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
আবিদা সুলতানা বলেন, আন্ধারঘর (গণিপুর) এলাকার একটি বাড়ির সামনে থেকে স্কুল যাওয়ার জন্য তিনি সিএনজিচালিত অটোরিকশায় উঠেন। পথে ফোরকানিয়া এলাকায় পৌঁছলে অটোরিকশায় থাকা যাত্রীবেশী দুই ছিনতাইকারী ধারালো ছুরি দেখিয়ে প্রায় এক ভরি ওজনের গলার চেইন ও কানের দুল ছিনিয়ে নিয়ে অটোরিকশা থেকে নেমে যায়। আরও কিছুদূর গিয়ে মিল্লাত একাডেমির (উচ্চ বিদ্যালয়) পাশে তাকে অটোরিকশা থেকে নামিয়ে দিয়ে চালক অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
ক্ষতিগ্রস্ত শিক্ষিকার ধারণা, সিএনজিচালিত অটোরিকশার চালক ছিনতাই চক্রের সঙ্গে জড়িত।
কমলনগর থানার ওসি নুরুল আবছার বলেন, এ ব্যাপারে কেউ এখনো থানায় অভিযোগ করেনি। তবে অপরাধীদের আটক ও স্বর্ণালংকার উদ্ধারের চেষ্টা চলছে।