চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়েই ভারতীয় ভ্যাকসিন পাওয়ার আশা করছি: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক ।।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন,চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই ভারত থেকে ভ্যাকসিন পাওয়ার আশা করতে পারি।

আজ সোমবার (৪ জানুয়ারি) দুপুরে করোনা ভ্যাকসিনের অগ্রগতি নিয়ে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ভারতীয় সংস্থা সেরাম ইনস্টিটিউট অক্সফোর্ডের তৈরি করোনার ভ্যাকসিন গবেষণার সঙ্গে যুক্ত আছে । তারা ভারতের বাইরে এই ভ্যাকসিন রফতানিতে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত জানিয়েছে। নিষেধাজ্ঞার কারণে দেশটির সঙ্গে চুক্তি করা অন্যান্য দেশগুলোকে ভ্যাকসিন পেতে আরও কয়েক মাস অপেক্ষা করা লাগতে পারে বলে জানা গেছে।

ভ্যাকসিন রফতানিতে নিষেধাজ্ঞা প্রসঙ্গে সিরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা বলেন, কয়েক মাসের জন্য ভ্যাকসিন রফতানির অনুমতি দেয়া হবে না। ভারতীয়রা যাতে যথাযথভাবে ভ্যাকসিন পায় সেজন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে বাংলাদেশের সঙ্গে করোনা ভ্যাকসিন নিয়ে চুক্তি ভারতের নিষেধাজ্ঞার আয়তায় পড়বে না বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। আজ ভারতের ডেপুটি হাইকমিশনারের বরাত দিয়ে তিনি এ তথ্য জানান।

প্রসঙ্গত, বর্তমানে ভারতের এক কোটিরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। যা বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। দেশটিতে প্রায় দেড় লাখ লোক ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর মারা গেছে মারা গেছেন।