চাটখিলে বিএনপি’র মনোনয়ন পেয়েছেন সাবেক মেয়র মোস্তফা কামাল

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ 
নোয়াখালীর চাটখিল পৌরসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র দলীয় মনোনয়ন পেয়েছেন নোয়াখালী জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ও  চাটখিল পৌরসভা বিএনপি’র সভাপতি একাধিকবার নির্বাচিত সাবেক মেয়র মোস্তফা কামাল। 
আগামী ১৪ ফেব্রুয়ারি ৪র্থ পর্যায়ে অনুষ্ঠিতব্য ৫২ টি পৌরসভায় ‘মেয়র’ পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।
শুক্রবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোটেক রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।
এখবর মিডিয়া প্রচারিত হওয়ার সাথে সাথে  বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উল্লাসে ফেটে পড়ে তাৎক্ষণিক চাটখিল বাজারের মিছিল করে।
মিছিলের অগ্রভাগে ছিলেন চাটখিল উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহজাহান রানা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হানিফ  সহ  উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
এই প্রতিবেদক এর সাথে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মেয়র প্রার্থী  মোস্তফা কামাল বলেন, আমাকে দলীয় মনোনয়ন ও ধানের শীষ প্রতীক দেওয়ায় বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, নোয়াখালী-১ আসনের সাবেক সাংসদ বিএনপি’র যুগ্ম মহাসচিব ব্যারিষ্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও নোয়াখালী জেলা বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদক  এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং চাটখিল  পৌরবাসীর দোয়া ও সহযোগিতা চান।