নোয়াখালিতে বিএনপির মিথ্যাচারের জবাব দিয়েছেন ভোটাররা: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক ।।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের ভোটের সংস্কৃতি নিয়ে বিএনপির মিথ্যাচারের জবাব দিয়েছে নোয়াখালীর বসুরহাট পৌরসভার ভোটাররা।

শনিবার(১৬ জানুয়ারি) বিকেলে তার সরকারি বাসভবন থেকে দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

নোয়াখালীর বসুরহাট পৌরসভার নির্বাচন নিয়ে গণমাধ্যম এবং রাজনৈতিক মহলে ব্যাপক আগ্রহ ছিল উল্লেখ করে তিনি বলেন, সেখানেও অবাধ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিএনপির প্রার্থী গণমাধ্যমের কাছে তা স্বীকার করেছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোটারদের এবং নির্বাচন কমিশনকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন,নির্বাচনে জয় পরাজয় থাকবে, তবুও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করার মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য সকল প্রার্থীরও ধন্যবাদ তিনি।

বিএনপির প্রার্থীরা ভোটের পরিবেশ ও ভোটাধিকার প্রয়োগ নিয়ে সন্তোষ প্রকাশ করলেও তাদের কেন্দ্রীয় নেতারা শুধুমাত্র সমালোচনার জন্য সমালোচনা করছে, যা অত্যন্ত দুঃখজনক বলে মনে করেন ওবায়দুল কাদের।

বিএনপি উদ্দেশ্যমূলক বিরোধিতা করলেও দেশের জনগণ অত্যন্ত সাবলীলভাবে ইভিএমে ভোট প্রদান করছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে জনগণ ইতিমধ্যে অভ্যস্ত হয়ে উঠলেও বিএনপির মানসিকতা এখনও এনালগ রয়ে গেছে। তাই তারা এ পদ্ধতির বিরোধিতা করে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, প্রথমবারের মতো বসুরহাট পৌরসভা নির্বাচনে ইভিএম -এ ভোট হয়েছে এবং ৬০ ভাগেরও বেশি ভোটার উপস্থিত ছিলেন।ভোটারদের ব্যাপক অংশগ্রহণ ও ভোটাধিকার প্রয়োগ ইভিএম এর ক্রমবর্ধমান জনপ্রিয়তাই প্রমাণ করে।