মানবতার দৃষ্টান্ত স্থাপন করলো বশেমুরবিপ্রবি শিক্ষার্থীরা

রিফাত ইসলাম,বশেমুরবিপ্রবি প্রতিনিধি:

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অক্লান্ত প্রচেষ্টায় সুযোগ হয়েছে একজন অসচ্ছল ছাত্রের উন্নত চিকিৎসার।

গত প্রায় দুই মাস আগে বশেমুরবিপ্রবির অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. মাসুদ রানা সুমনের যকৃত জনিত জটিল রোগ ধরা পড়ে, তাৎক্ষণিক উন্নত চিকিৎসার জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী ১৫ লক্ষ টাকার প্রয়োজন হয়। কিন্তু সুমনের পরিবার আর্থিক ভাবে অসচ্ছল হওয়ায় টাকার যোগান দিতে পারছিলনা। তৎক্ষণাৎ সুমন বিশ্ববিদ্যালয়ে তার বিভাগে, সহপাঠীদের সাথে, সিনিয়র শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করলে বিশ্ববিদ্যালয় থেকে সুমন সাহায্যের আশ্বাস পায়।

শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক কর্মকর্তা কর্মচারীরাও সমান ভাবে সাধ্যমত সাহায্য করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ডিপার্টমেন্ট থেকে, বিভাগীয় এবং জেলা শিক্ষার্থী এ্যাসোসিয়েশন থেকে স্ব স্ব জেলা এবং বিভাগে সাহায্য উত্তোলন করা হয়। শিক্ষার্থীদের প্রচেষ্টায় দেশের প্রায় সব জেলা শহরে সুমনের জন্য সাহায্য উত্তোলন করা হয়।

গতকাল টাকা উত্তোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মাস্টার্স বর্ষের ছাত্র মাকসুমুল আরিফিন অভি এক ফেসবুক স্ট্যাটাস এর মাধ্যমে বলেন, “বশেমুরবিপ্রবির প্রতিটা স্টুডেন্ট যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সবাইকে স্যালুট। ইনশাআল্লাহ আমরা প্রতিটি কাজে এক ছিলাম আছি থাকবো। সুমন আবার হাসবে ইনশাআল্লাহ। সুমনের জন্য আমরা আলহামদুলিল্লাহ মোট ‘ষোল লাখ ত্রিশ হাজার চার শত একষট্টি’ ১৬,৩০,৪৬১টাকা তুলতে সক্ষম হয়েছি।”

বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এমন মানবতার দৃষ্টান্ত অনেক রয়েছে কিন্তু বশেমুরবিপ্রবির সুমনের বিষয়টা একদম আলাদা, কারণ অন্যান্য ক্ষেত্রে দেখা যায় চিকিৎসায় যে পরিমাণ অর্থের প্রয়োজন হয় তার কিছুটা অংশ সাহায্য করা হয় কিন্তু বশেমুরবিপ্রবি শিক্ষার্থীরা তাদের ভাইকে বাঁচাতে প্রয়োজনের অধিক অর্থ সুমনের হতে তুলে দিয়েছে, এটা সমগ্র বাংলাদেশে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে চিরকাল।