আল জাজিরার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক ।।
পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন বলেছেন, ‘খুবই দুঃখজনক হলেও সত্য আল-জাজিরা তাদের বিশ্বাস যোগ্যতা হারাচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে সরকার।
আজ বুধবার ( ৩ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ যেভাবে উন্নতি করছে সেটা অনেকের হিংসার কারণ। আল জাজিরা বাংলাদেশের উন্নতি দেখতে পারে না। তারা সব মুসলিম দেশেরই প্রতিপক্ষ। তাদেরকে আরো দায়িত্বশীল ভুমিকা পালন করা উচিত।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরায় গত সোমবার রাতে প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শীর্ষক প্রতিবেদনটিকে ‘মিথ্যা ও অবমাননাকর’ হিসেবে বর্ণনা করেছে সরকার।
গত সোমবার দিবাগত মধ্যরাতে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ওই প্রতিবেদনকে লন্ডন ও অন্যান্য জায়গায় সক্রিয় ‘উগ্রপন্থী ও তাদের সহযোগী’দের উসকানিতে ‘বেপরোয়া ও নোংরা অপপ্রচার’ বলে উল্লেখ করা হয়েছে।
মন্ত্রী আরো বলেন, এই প্রতিবেদনের মাধ্যমে প্রতীয়মান হয় যে, তারা অন্য কারো লবিষ্ট হিসেবে কাজ করেছে। বাংলাদেশ সরকার তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে।
পররাষ্ট্রমন্ত্রীর মতে, ‘আল জাজিরার ক্ষমা চাওয়া উচিত। মিয়ানমারের সামরিক শাসন থাকলেও আমরা রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা চালিয়ে যাবো। আমরা এখনো রোহিঙ্গা সংকটে চীনের উপর আস্থা রাখছি।’
