সোনাইমুড়ীতে মাদক ও গরু চুরি মামলায় আটক ৬

খোরশেদ আলম শিকদার,সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদক ও গরু চুরির ঘটনায় পৃথক দুটি মামলায় ৬জনকে আটক করেছে সোনাইমুড়ী থানা পুলিশ।
শনিবার(৬ ফেব্রুয়ারি) দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মাদক মামলায় আটককৃতরা হলো বেগমগঞ্জ উপজেলাধীন ১নং গোপালপুর ইউপির চাঁদ কাশিমপুর চৌকিদার বাড়ীর আবু তাহেরের ছেলে তরিকুল ইসলাম (২৫), ও একই গ্রামের রফিক উল্যার ছেলে জাফর ইমাম প্রকাশ মনা (২৮)।
থানাসূত্রে জানা যায়, লক্ষ্মীপুর র্যাব-১১ নায়েব সুবাদার মোঃ জাফর উল্যা গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে উপজেলার ১০নং আমিশাপাড়া ইউপির পদিপাড়া বেল্লাল ট্রেইলার্স নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ৫০ পিচ ইয়াবা ও নগদ ১ হাজার টাকাসহ মাদক ব্যবসায়ীদের আটক করে। তাদের বিরুদ্ধে র্যাব-১১ এর জেসিও ৮৪৫৯ নায়েব সুবাদার জাফর উল্যা বাদী হয়ে সোনাইমুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
অপরদিকে উপজেলার ৯নং দেওটি ইউপির নবগ্রাম বাদশা মিয়া হাজীর ছেলে আলা উদ্দিন বাদী হয়ে গরু চুরির অপরাধে বাগ পাঁচরা বড় বাড়ীর জালাল আ B9ম্মদের ছেলে ইমন (১৮), একই বাড়ীর নূর আলমের ছেলে সাইফুল ইসলাম (২০), কৌশল্যারবাগ গ্রামের নোমান ছিদ্দিকীর ছেলে আশরাফুল ইসলাম প্রকাশ ইমন (১৯) ও আমকি গ্রামের লোকমানের ছেলে শাহাদাত হোসেন প্রকাশ জুয়েল (২২) সহ ৪ জন এর বিরুদ্ধে একটি চুরির মামলা দায়ের করেন। এসময় পুলিশ অভিযান চালিয়ে গরু চুরির সাথে জড়িত ইমনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে সত্যতা স্বীকার করে এবং চোরাই গরুর সন্ধান দেয়। পরে পুলিশ চোরাই গরুসহ বাকী ৩ গরু চোরকে আটক করে।
সোনাইমুড়ী থানার ওসি (তদন্ত) জিসান আহমেদ জানান, মাদক ও গরু চুরির বিষয়ে পৃথক ২টি মামলা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
