ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষে লক্ষ্মীপুরে মেঘনা নদীতে জাটকাসহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক ।।

জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীপুরে মেঘনা নদীতে মার্চ-এপ্রিল (দুই মাস) জাটকাসহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।এ সময়ের মধ্যে মাছ ধরা, সংরক্ষণ, পরিবহন ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করেছে সরকার।

রবিবার(২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার পর থেকে লক্ষ্মীপুরের সদর, রামগতি, কমলনগর ও রায়পুর উপজেলায় মেঘনা নদীতে মাছ শিকার নিষিদ্ধ করা হয়েছে।

এ অভিযান বাস্তবায়ন করতে জেলা-উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, পুলিশ ও কোস্টগার্ড কাজ করবে। জেলেদের নিয়ে সচেতনতামূলক সভা ও মাইকিং করা হচ্ছে। এদিকে দুই মাস মাছ শিকার থেকে বিরত থাকা জেলেদেরকে দেওয়া হবে খাদ্য সহায়তা।

সদর উপজেলার মজুচৌধুরীর হাট মেঘনাপাড়ের জেলে হারুন, সবুজ মাঝি, আবদুল ও কাদের বলেন, নদীতে মাছ শিকারই তাদের একমাত্র পেশা। নিষেধাজ্ঞা সময় তারা নদীতে যেতে পারেন না। এ সময় তাদের সংসারে অভাব-অনটন থাকে। তাই দ্রুত ভিজিএফ‘র চাল বিতরণের দাবী জানান তারা।

লক্ষ্মীপুর জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১০০ কিলোমিটার মেঘনা নদী এলাকা মাছের অভয়াশ্রম। মার্চ-এপ্রিল (দুই মাস) অভয়াশ্রমে জাটকাসহ বিভিন্ন প্রজাতির মাছ বিচরণ করে, বেড়ে উঠবে। এমন পরিস্থিতিতে কোনো বাধা ছাড়াই মাছের উৎপাদন বৃদ্ধিতে সব ধরনের মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন জানান, জাটকা রক্ষা ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত (দুই মাস) মেঘনার অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা বন্ধ ঘোষণা করা হয়েছে।