রামগতিতে ভয়াভহ অগ্নিকাণ্ডে ৬৫ দোকান পুড়ে ছাই

গিয়াস উদ্দিন শাকিল,কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুর জেলার রামগতির আলেকজান্ডার বাজারে ভয়াভহ অগ্নিকাণ্ডে নগদ টাকা ও মালামালসহ পুড়ে গেছে প্রায় ৬৫ টি দোকানঘর।
রবিবার (১৪ মার্চ) ভোর ৫টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।
রামগতি, কমলনগর ও সুবর্ণচর উপজেলা ফায়ার স্টেশনের ৩টি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। রামগতি ফায়ার স্টেশনের লিডার ও ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. খোকন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষণিক জানা যায়নি। আগুনে পৌরসভার ৫৫টি ট্রীলসেড এবং পার্শ্ববর্তী আরও পায় ১০টি দোকানঘর পুড়ে গেছে বলে জানিয়েছে স্থানীয়রা ।
রামগতি পৌরসভার মেয়র মেজবাহ উদ্দিন মেজু জানান, ভয়াবহ এ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকান গুলোর মধ্যে রামগতি পৌরসভা মার্কেটের ৫৫টি এবং ব্যক্তি মালিকানাধীন ১০টি দোকান ঘর রয়েছে। এতে প্রত্যন্ত এ চরাঞ্চলের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অনেকেই নিস্ব হয়ে গেল। একই সাথে পৌরসভা মার্কেট পুড়ে যাওয়ায় রামগতি পৌরসভাও ক্ষতিগ্রস্ত হলো।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মোমিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইলেকট্রিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন ক্ষতিগ্রস্তদের তালিকা করার কাজ চলছে। শীঘ্রই ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
