লক্ষ্মীপুর-২(রায়পুর ও সদরের একাংশ) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নয়ন

নিজস্ব প্রতিবেদক ,লক্ষ্মীপুর ।।

আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।

শনিবার গণভবনে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে তাকে মনোনয়ন দেওয়া হয়।বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক। তিনি জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।

এ ব্যাপারে এমপি প্রার্থী নয়ন জানান, মানুষের দোয়া ও আন্তরিক ভালোবাসায় প্রিয় নেত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। আমাকে নৌকা প্রতীক দেওয়ায় প্রধানমন্ত্রীসহ আমার প্রাণের সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

একাদশ জাতীয় সংসদে লক্ষ্মীপুর-২ আসনের সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের বিরুদ্ধে ২০২০ সালের শুরুতে কুয়েতে মানবপাচার ও অর্থপাচারের অভিযোগ উঠে। পরে ওই মামলায় তিনি কুয়েতে গ্রেপ্তার হন।

২৮ জানুয়ারি কুয়েতের আদালত পাপুলকে চার বছরের কারাদণ্ড দেয়। পাশাপাশি ১৯ লাখ কুয়েতি দিনার জরিমানা করা হয়। ২২ ফেব্রুয়ারি পাপুলের এমপি পদ শূন্য ঘোষণা করা হয়।

স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহিদুল ইসলাম পাপুল কুয়েতের আদালতে দণ্ডপ্রাপ্ত হওয়ায় শূন্য হওয়া লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনের তপসিল গত ৩ মার্চ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন ঘোষিত তপসিল অনুযায়ী, আগামী ১৯ মার্চ মনোনয়ন বাছাই ও ২৪ মার্চ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

Share this news as a Photo Card

14 March 2021

লক্ষ্মীপুর-২(রায়পুর ও সদরের একাংশ) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নয়ন

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে