অনলাইন ডেস্ক ।।
তথ্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম হয়েছে ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’। ইংরেজিতে ‘Ministry of Information and Broadcasting’।
‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ সংশোধনের মাধ্যমে রাষ্ট্রপতি তথ্য মন্ত্রণালয়ের নামে এই পরিবর্তন এনেছেন বলে সোমবার (১৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। একইসঙ্গে প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশিত হয়েছে।
এতে বলা হয়, তথ্য মন্ত্রণালয়কে এখন থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বলা হবে।
তথ্য মন্ত্রণালয় থেকে জানা গেছে, তথ্য মন্ত্রণালয় যে কাজ করে নামে এর পুরো প্রতিফলন নেই। তথ্য মন্ত্রণালয়ের কার্যপরিধিতে তথ্য ছাড়াও একটি বড় অংশজুড়ে রয়েছে ইলেকট্রনিক ও প্রিন্ট গণমাধ্যমের সংক্রান্ত কার্যাবলি। তাই নামে ‘সম্প্রচার’ শব্দটি যুক্ত করার উদ্যোগ নেয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত সারসংক্ষেপ অনুমোদনের জন্য পাঠানো হয় প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর এখন নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করা হলো।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।