কুবির পাহাড়ে ফের আগুন!

আবু সাঈদ, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফের আগুন লাগার ঘটনা ঘটেছে।
রবিবার (২৮ মার্চ)  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পশ্চিম পাশের পাহাড়ে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়।
প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, বঙ্গবন্ধু হলের পশ্চিম পাশের পাহাড়ে আগুন লাগলে ঘটনাস্থলে উপস্থিত লোকজন ও আশেপাশের কিছু মানুষজন এগিয়ে এসে আগুন নেভাতে সক্ষম হয়। তবে কীভাবে আগুন লেগেছে এ ব্যাপারে ঘটনাস্থলে উপস্থিত কেউ কিছু বলতে পারেনি।
আগুন নিভাতে আসা  ফায়ার সার্ভিসের কুমিল্লার সদর দক্ষিণ স্টেশন অফিসার মোহাম্মদ নুরুল করিম এ অগ্নিকাণ্ডের ব্যাপারে বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাহাড়ে এর আগেও আগুন লাগার ঘটনা ঘটেছে। এবার আগুন লাগার বিষয়ে একজন সহকারি রেজিস্ট্রার আমাদের অবহিত করেন এবং আমরা সাথে সাথে ঘটনা স্থলে পৌছাই। আসার পূর্বে স্থানীয়দের সহায়তায় প্রশাসন আগুন নিভাতে সক্ষম হয়। আমি ধারণা করছি কারো অসতর্কতাবশত সিগারেটের আগুন থেকে এ আগুন লাগতে পারে।
এছাড়াও তিনি বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জীব বৈচিত্র্য রক্ষায় আমরা একটি ট্রেনিং সেশন আয়োজন করার ব্যাপারে আপনাদের আশ্বস্ত করতে পারি যাতে পরবর্তীতে আগুন লাগলে বড় কোন ধরনের কোন ক্ষয়ক্ষতি না হয়।
অগ্নিকাণ্ডের ব্যাপারে জানতে চাইলে এস্টেট শাখার সহকারী রেজিস্ট্রার মো. মিজানুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা বিশ্ববিদ্যালয়ে একাধিকবার ঘটেছে। যেসব জায়গায় সচারচর মানুষের যাতায়াত দেখা যায় না সেখানেও আগুন লাগছে। আমাদের সিকিউরিটি গার্ডরা বিভিন্ন হলে থাকলেও হলের শেষের দিকে কোন প্রকার বাউন্ডারি কিংবা সিকিউরিটি গার্ড নেই। অবাধ বহিরাগতদের প্রবেশের কারনে ধারণা করছি বহিরাগতদের ছুড়ে ফেলা সিগারেটের আগুন থেকেই এই আগুন লেগেছিল।
উল্লেখ্য, এই মাসের ১৮ তারিখ বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের মধ্যবর্তী ঘন জঙ্গলেও আগুন লাগার ঘটনা ঘটেছে।