সোমবার থেকে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে সরকার

নিজস্ব প্রতিবেদক ।।

বাংলাদেশে করোনা পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায় আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে সরকার।

আজ শনিবার (৩ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, উদ্ভূত করোনা পরিস্থিতির কারণে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, দ্রুত বেড়ে যাওয়া করোনা সংক্রমণ রোধ করতে সরকার ২-৩ দিনের মধ্যে এক সপ্তাহের জন্য লকডাউনের চিন্তা করছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, যেসব প্রতিষ্ঠান জরুরি সেবা দেয় সেই ধরনের প্রতিষ্ঠানগু‌লো লকডাউন চলাকা‌লে খোলা থাক‌বে। এছাড়া শিল্প-কলকারখানাও খোলা থাক‌বে, যা‌তে ক‌রে শ্রমিকরা শিফ‌টিংয়ের মাধ্যমে কাজ করতে পারে।

দেশে করোনা সংক্রমণ আবারও বাড়তে থাকায় এর আগে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো না খুলতে এবং কোনও পাবলিক পরীক্ষা না নিতে সরকারকে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। মার্চের শেষ দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ লকডাউন দেওয়ার প্রস্তাবও রাখেন স্বাস্থ্য কর্মকর্তারা।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ছয় হাজার ৮৩০ জনের করোনা শনাক্তের খবর জানিয়েছে অধিদফতর। সাত মার্চ থেকে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে গতকাল (১ এপ্রিল) দেশে প্রথমবারের মতো শনাক্ত রোগীর সংখ্যা ছয় হাজার ছাড়িয়ে যায়। এ পর্যন্ত সরকারি হিসাবে শনাক্ত ছয় লাখ ২৪ হাজার ৫৯৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫০ জন। সরকারি হিসাবে এখন পর্যন্ত মারা গেলেন ৯ হাজার ১৫৫ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ৪৭ হাজার ৪১১ জন।