টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে কারাদণ্ড, বেকু ও ড্রাম-ট্রাক জব্দ

মোঃমোশারফ হোসেন (মুরাদ) টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১১ জনকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে ভূঞাপুর উপজেলার জগতপুড়া এলাকায় র্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান এবং উপজেলা নিবার্হী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, আরমান খান(৫০) পিতাঃপাঠান, বিপ্লব(২৮) পিতা বাবলু মিয়া, আপেল(৩৫) পিতা কাদের, হাফিজুর রহমান(৪০) হায়দার আলী, জাহাঙ্গীর(৫০) জবাব আলী, ছালাম(৩০) পিতাঃআকবর হোসেন, নুরু ইসলাম(৩০) পিতা জুরান, এনামুল কবির(৫০) পিতাঃ আরশেদ আলী, ছানা(৪৫) পিতাঃ তাহাবেন, ইমতিয়াজ(৩০) পিতাঃ খোকন, ওয়াসিম(৫০) পিতাঃ পাঠান আলী।
এলাকাবাসী জানান, উপজেলার বিভিন্ন এলাকায় বালু উত্তোলন করে বিক্রি করছে আওয়ামী লীগের হাইব্রিড নেতারা। এতে করে নষ্ট হচ্ছে এলাকার রাস্তা-ঘাট, আবাদি জমি, গাছপালা ও বিভিন্ন স্থাপনা। তবে নীরব ভূমিকা পালন করছে স্থানীয় প্রশাসন।
র্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে দিকে ভূঞাপুর জগতপুড়া এলাকায় যমুনা নদীতে অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে বালু উত্তোলন করছিল এ চক্র। এই সময় ১১ জন অসাধু বালু ব্যবসায়ী, ৫ টি বেকু ও ৪টি ড্রাম আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, ভূঞাপুর যারা অবৈধ ভাবে বালু উত্তোলন করে চলেছেন তারা এখন থেকেই সাবধান হয়ে যান। নদী থেকে আর বালু উত্তোলন করা যাবে না। বালু উত্তোলনের ফলে আবাদি জমি সহ এলাকার পরিবেশ দূষণ হচ্ছে। সাংবাদিক ভাইরা এ বিষয়ে আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে ।
