দূষিত পানিতে বন্দি লক্ষ্মীপুর পৌরসভার ৩৫ টি পরিবার

নূর মোহাম্মদ, লক্ষ্মীপুর ।।
লক্ষ্মীপুর পৌরসভার ১০ নং ওয়ার্ড মোহাম্মদ উল্যাহ এমপি সড়কে সিটি হসপিটালের পিছনে গত ৭ সপ্তাহ থেকে ৩৫ টি পরিবার দূষিত পানিতে বন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছেন।
লক্ষ্মীপুর পৌরসভার কোথাও জলাবদ্ধতা না থাকলেও পৌরসভার ১০ নং ওয়ার্ডের ৩৫টি পরিবার প্রতিবছর বর্ষা মৌসুমে পানি বন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে। গত ১ সপ্তাহ যাবত উক্ত ওয়ার্ডের কালামিয়া সর্দার বাড়ীর নারী পুরুষ ও শিশুরা ময়লাযুক্ত দুষিত পানি দিয়ে প্রধান রাস্তায় যাতায়াত করছে এবং অনেকের ঘরে পানি উঠে গেছে। রাস্তা সংলগ্ন একটি ডোবা থাকায় উক্ত ডোবার ময়লা পানি চারিদিকে ছড়িয়ে পড়ে রোগ-জীবানু, মশা- মাছি, বিষাক্ত সাপ ও ক্ষতিকর পোকামাকড়ের বিস্তারের সম্ভাবনা দেখা দিয়েছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, বাড়ীর বাসিন্দা স্থানীয় চা দোকানদার সবুজের বসত ঘরে পানি উঠে একাকার হয়ে আছে। তার ছোট শিশুটি সাপ ও পোকামাকড়ের ভয়ে খাটের উপর বসে আছে। পরিস্থিতি এমন যে কোন সময় সাপ বা ক্ষতিকর পোকা মাকড় যে কারো ঘরে ডুকতে পারে। পঁচা ময়লাযুক্ত পানি দিয়ে যাতায়াতের ফলে চুলকানি ও চর্ম রোগ সহ পানিবাহিত রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে।
মোঃ বাবুল মিয়া জানায়, ইতিপূর্বে পৌর মেয়র ও কাউন্সিলরকে বিষয়টি অবহিত করেও কোন সুফল পাওয়া যায়নি। পানি নিষ্কাষনের ব্যবস্থা না থাকায় এমন জলাবদ্ধতা তৈরী হয়েছে। পৌরকর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে পুরো বর্ষা তাদের কষ্টে যাতায়াত করতে হবে।
তাই উক্ত সমস্যা সমাধানে পৌর মেয়র দ্রুত ব্যবস্থা নিয়ে জলাবদ্ধতা থেকে মুক্তি দিবেন বলে আশাবাদী বাড়ীর ৩৫টি পরিবার।
