লকডাউনের সময়সীমা বাড়লো ১৪ জুলাই পর্যন্ত

অনলাইন ডেস্ক ।।

করোনাভাইরাসের ভয়াবহ প্রকোপ কমাতে চলমান কঠোর লকডাউনের সময়সীমা ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে।

সরকার ঘোষিত সাতদিনের কঠোর বিধিনিষেধের পঞ্চম দিনে আজ সোমবার (৫ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেনায় পূর্বের সকল বিধি-নিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় ৭ জুলাই মধ্যরাত থেকে ১৪ জুলাই রাত ১২টা পর্যন্ত এ বিধিনিষেধ আরোপের সময়সীমা বাড়ানো হলো।

দেশে করোনার সংক্রমণ ভয়াবহ রূপ ধারণ করলে এর আগে, গত বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে আগামী ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত সারাদেশে কঠোর বিধিনিষেধ ঘোষণা করে সরকার। কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে শুরু থেকে পুলিশ, র‌্যাবের পাশাপাশি মাঠে রয়েছে বিজিবি ও সেনাবাহিনী। লকডাউনের শুরু থেকেই বিভিন্ন জায়গায় টহল দিতে দেখা গেছে তাদের।