স্নাতকোত্তর ফি হ্রাসের ইতিবাচক মত কুবি উপাচার্যের

আবু সাঈদ, কুবি প্রতিনিধি:
শিক্ষার্থীদের দাবির মুখে করোনাকালীন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতকোত্তরের ভর্তি ফি হ্রাসের বিষয়ে ইতিবাচক মত দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।
এদিকে রোববার (৪ জুলাই) স্নাতকোত্তরের ফি কমানোর জন্য গঠিত কমিটির নির্ধারিত মিটিং না হওয়ার বিষয়ে জানতে চাইলে ঐ কমিটির সদস্য সচিব ও কুবি রেজিস্ট্রার তাঁর শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে বলেন, আজকে আমি ট্রেজারার (কমিটির আহ্বায়ক) স্যারের সাথে কথা বলে মিটিংটা এরেঞ্জ করার চেষ্টা করবো।
তিনি আরও বলেন, স্নাতকোত্তরের ফি কমানোর বিষয়টা যেহেতু বড় অঙ্কের, এটা এফসি-সিন্ডিকেট হয়ে পরে সিদ্ধান্ত হবে। তবে আমরা কমিটি যদি একটা সুপারিশ করি আশা করি সেটা কার্যকর করা যাবে।
করোনাকালীন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী বাড়িতে অবস্থান করছেন। স্বাভাবিক সময়ে এসব শিক্ষার্থীরা টিউশন বা খণ্ডকালীন চাকরি করে নিজের খরচ নিজেরাই চালাতেন৷ কিন্তু বর্তমান করোনা পরিস্থিতিতে তাদের অনেকেই আর্থিক অসচ্ছলতায় ভুগছেন।
এ অবস্থায় একজন শিক্ষার্থীর পক্ষে আগের মত বিভাগের সহযোগী সংগঠন ফি, ল্যাব
ফি, হলসহ আনুষঙ্গিক ফি যা বিভাগভেদে তিন হাজার থেকে ছয় হাজার টাকা পরিশোধ করতে অনেকটাই হিমশিম খেতে হচ্ছে।
উল্লেখ্য, গত ১৪ জুন বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করে স্নাতকোত্তরের ভর্তি ফি কমানোর দাবি জানান। একইসাথে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেন।
