ঝিনাইদহে এক রশিতে প্রেমিক-প্রেমিকার গলায় ফাঁস

অনলাইন ডেস্ক ।।

ঝিনাইদহের মহেশপুরে এক রশিতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন প্রেমিক-প্রেমিকা।ভালোবেসে আত্মহননের বাস্তব গল্প সৃষ্টি করে গলায় রশি দিয়ে এক সঙ্গে আত্মহত্যা করেছে কিশোর প্রেমিক আবু সাঈদ (১৮) ও প্রেমিকা সোহানা খাতুন (১৬)।

শনিবার(১৪ আগস্ট) সকালে মহেশপুর উপজেলার স্বরূপপুর ইউনিয়নের চাপাতলা গ্রামের একটি রান্না ঘর থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আবু সাইদ উপজেলার স্বরুপপুর ইউনিয়নের চাপাতলা গ্রামের দিনমজুর আবু সুলতানের ছেলে এবং সোহানা খাতুন একই উপজেলা নেপা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের শাহ জামালের মেয়ে।

শুক্রবার (১৩ আগস্ট) রাতের কোন এক সময় রান্না ঘরের ভিতর তারা আত্মহত্যা করেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার চাপাতলা গ্রামের কৃষক আলামিনের রান্না ঘরে তার শ্যালিকা সোহানা খাতুন ও চাচাতো ভাই সাঈদের মৃতদেহ ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

আলামিন হোসেন জানান, তার শ্যালিকা সোহানা খাতুন তার বাড়িতে থাকত। কয়েকমাস ধরে তার চাচাতো ভাই সাঈদের সাথে সোহানার প্রেমের সম্পর্ক চলে আসছিল। সম্প্রতি বিষয়টি জানাজানি হওয়ার পর এ ঘটনা ঘটেছে বলে তার ধারণা।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা দুইজন গলায়ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।