লালখানবাজারে মাদক ব্যবসায়ীর মারামারিতে নিহত ১

সাজ্জাদ হোসেন , চট্টগ্রাম ।।
চট্টগ্রাম নগরীর লালখানবাজারে দুই মাদক ব্যবসায়ী পরিবারের মধ্যে মারামারি হয়েছে। এতে আব্দুল মালেক (৬৫) নামে একজন নিহত হয়েছেন।
২২শে আগস্ট (রোববার) রাত আনুমানিক ১১টায়  লালখানবাজারের মতিঝর্ণা ৫ নম্বর লেনে মারামরির এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই পুরো এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।
জানা যায়, রোববার রাত ১১টায় পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী হোসেন আরা ও আলাউদ্দিনের পরিবারের মধ্যে মারামরির ঘটনা ঘটে। মাদক ব্যবসায়ী হোসনে আরার বাবা আবদুল মালেক মারামারি থামাতে এগিয়ে আসেন। এ সময় আলাউদ্দিনের পরিবারের এক ব্যক্তি (জাহেদার জামাই) কিল-ঘুষি মারতে থাকেন আব্দুল মালেককে।
মারধরের একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন আব্দুল মালেক। রক্তাক্ত অবস্থায় স্থানীয়ারা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যোগাযোগ করা হলে চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. আশিক বলেন, লালখানবাজার এলাকায় দুপক্ষের মারামারি থামাতে গিয়ে আবদুল মালেক নামে একজন মারা গেছেন। নিহতের লাশ বর্তমানে চমেক হাসপাতাল মর্গে রয়েছে।