আগামী নভেম্বর পর্যন্ত প্রতি সপ্তাহে আসবে ৫০ লাখ করোনা টিকা : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক ।।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, আগামী নভেম্বর মাস পর্যন্ত প্রতি সপ্তাহে ৫০ লাখ করে করোনা ভাইরাসের টিকা আসবে।
শুক্রবার(১০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজে বাংলাদেশ ডেন্টাল সার্জন (বিডিএস) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
এ প্রসঙ্গে তিনি বলেছেন, প্রতি সপ্তাহে আমরা ৫০ লাখ ডোজ টিকা পাওয়ার সিডিউল পেয়েছি। আজ শুক্রবার ৫০ লাখ ডোজ টিকা ঢাকায় আসবে। এভাবে চলতি মাসের চার সপ্তাহে চারটি টিকার চালান আসার কথা রয়েছে। প্রতি চালানে আসবে ৫০ লাখ ডোজ টিকা। আগামী নভেম্বর পর্যন্ত এটি চলমান থাকবে।
আবারও গণটিকা কার্যক্রম শুরু হবে কি-না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। এখন থেকে প্রতি সপ্তাহে আমরা টিকা পাওয়ার শিডিউল পেয়েছি। আগামী নভেম্বর মাস পর্যন্ত প্রতি সপ্তাহে ৫০ লাখ টিকা আসবে। এ মাসে চীন থেকে ২ কোটি টিকা পাবো। টিকা পাওয়ার সঙ্গে সঙ্গে টিকা দেওয়ার কার্যক্রমও জোরদার হবে।
১২ থেকে ১৮ বছর বয়সীদের টিকা দেওয়ার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে এখনও সিদ্ধান্ত আসেনি জানিয়ে জাহিদ মালেক বলেন, বহু দেশে এ বয়সীদের টিকা দেওয়া হচ্ছে না। দুই একটা দেশে পরীক্ষামূলকভাবে দেওয়া হচ্ছে এবং ফলাফল লক্ষ্য করা হচ্ছে। আমরাও একই পদ্ধতি অনুসরণ করছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দিলে আমরাও টিকা দেওয়ার চেষ্টা করবো।
চলমান করোনা মহামারির মধ্যেই আগামী ১২ সেপ্টেম্বর থেকে খুলছে স্কুল-কলেজ, এতে সংক্রমণ বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান আবারো বন্ধ ঘোষণা করা হবে কি না- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, করোনার সংক্রমণ বাড়লে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করবে, আমরাও তখন সে ধরনের পরামর্শই দেবো।করোনা সংক্রমণের ওপরে সব কিছু খোলা ও বন্ধ নির্ভর করে। সংক্রমণের হার কমেছে বলেই বর্তমানে স্কুল-কলেজ খোলা হচ্ছে।
