লক্ষ্মীপুরে যুবলীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে হামলায় আহত সাবেক ছাত্রনেতা বাবর

নিজস্ব প্রতিবেদক ।।

লক্ষ্মীপুর জেলা যুবলীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন উপলক্ষে শুভেচ্ছা জানাতে অপেক্ষা করার সময় সাবেক ছাত্রনেতা সৈয়দ নুরুল আজিম বাবর এর উপর হামলা করা হয়েছে। এতে বাবর সহ আরও নেতাকর্মী আহত হয়েছে। জেলা যুবলীগের সভাপতি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কে এম সালাহ উদ্দিন টিপু এবং তার অনুসারীর বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে

আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে পৌরসভার ০২ নং ওয়ার্ডের মেঘনা রোডের ইয়াসিন সর্দার জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

জানা যায়, খোদ জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু ও তার অনুসারী এ হামলা চালিয়েছে। হামলায় আহত সৈয়দ নুরুল আজিম বাবর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

আজ দুপুরে শহরের সোনার বাংলা চাইনিজ রেস্টুরেন্টে জেলা যুবলীগের বর্ধিত সভা হয়। বর্ধিত সভায় কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন, যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক শামছুল ইসলাম পাটওয়ারী ও সহ-সম্পাদক অ্যাডভোকেট জয়নাল আবেদিন রিগ্যানসহ দলের নেতারা অংশ নেয়।

এ ব্যাপারে আহত বাবর সাংবাদিকদের বলেন, বর্ধিত সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন উপলক্ষে তাদের বরণ করে শুভেচ্ছা জানাতে অপেক্ষা করার সময় যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপুর নেতৃত্বে  আমার উপর নির্মমভাবে হামলা চালানো হয়। আমি ছাত্রাবস্থা থেকে রাজনীতে করে আসছি। আওয়ামী রাজনীতি করতে গিয়ে আমি ১৯ বছর জেল খেটেছি। আমার কি রাজনীতি করার অধিকার নাই?

এ ব্যাপারে জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু বলেন, বাবরের সঙ্গে আমার বাদানুবাদ হয়েছে। কাউকে মারধর করা হয়নি।