চাটখিলে ৩০কেজি গাঁজা ও ইয়াবা সহ ২ মাদক বিক্রেতা আটক

খোরশেদ আলম শিকদার, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিলের শ্রীনগরে ৩০ কেজি গাঁজা ও ১২৫ পিস ইয়াবার সহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটককৃত মাদক বিক্রেতারা হলো শ্রীনগর গ্রামের আইয়ুব আলীর ছেলে মর্তুজা আইয়ুব শামীম (৪৯) এবং একই গ্রামের দাসের বাড়ির নুর নবীর ছেলে আকতারুজ্জামান সুজন (৩৮)।মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে তাদের আটক করা হয়।
নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সহকারী পরিচালক বিপ্লব কুমার মোদক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৫ টার দিকে চাটখিল উপজেলা শ্রীনগর গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নজরুল ইসলাম ও উপ পরিদর্শক মোশারফ হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে মর্তুজা আইয়ুব শামীম কে আটক করা হয়।
এ সময় তার নিকট থেকে ৩০ কেজি গাঁজা ও ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে একই গ্রামের দাসের বাড়িতে অভিযান করে মাদক বিক্রেতা আকতারুজ্জামান সুজনকে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ব্যাপারে চাটখিল থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।
