গান্ধীর ১৫২তম জন্মবার্ষিকী ও অহিংসা দিবস উপলক্ষে গান্ধী মিউজিয়ামের উদ্বোধন

খোরশেদ আলম শিকদার, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার জয়াগে অবস্থিত গান্ধী মেমোরিয়াল ট্রাস্ট এর উদ্যোগে মহাত্মা গান্ধীর ১৫২তম জন্মবার্ষিকী ও আন্তর্জাতিক অহিংসা দিবস উপলক্ষে নতুন রূপায়িত গান্ধী মেমোরিয়াল মিউজিয়ামের শুভ উদ্বোধন করা হয়। 
শনিবার (২ অক্টোবর) বিকেল ৪টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে রূপায়িত  মিউজিয়ামের শুভ উদ্বোধন করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক এমপি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন এমপি, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম কে দোরাইস্বামী, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি, বিশিষ্ট উন্নয়ন কর্মী অরোমা দত্ত, বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক প্রতিনিধি তৌম পউতিআইনেন, নোয়াখালী জেলা প্রশাসক খোরশেদ আলম খান, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ্ব জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার শহীদুল ইসলাম পিপিএম, সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার ফজলুর রহমান প্রমুখ।
অতিথিবৃন্দ অনুষ্ঠানের শুরুতে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করেন। এরপর নবনির্মিত গান্ধী মেমোরিয়াল মিউজিয়ামের শুভ উদ্বোধন ও মিউজিয়াম পরিদর্শন করেন আগত অতিথি বৃন্দ।
বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ শেষে গান্ধী আশ্রমের সভাপতি বিচারপতি সৌমেন্দ্র সরকারের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, গান্ধী আশ্রমের ট্রাস্টি মেসবাহ উদ্দিন সিরাজ।
এ সময় আলোচনা সভায় অতিথিবৃন্দের বক্তব্য শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। রবিন্দ্রনাথ ঠাকুরের গীতিনাট্য “চন্ডালিকা” পরিবেশন করেন রামদুন সাংস্কৃতিক সংস্থা।