লালমনিরহাটে সনাতন ধর্মালম্বীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

মিজানুর রহমানঃ
সারাদেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে লালমনিরহাটে সনাতন ধর্মালম্বীদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) লালমনিরহাট জেলা শাখার আয়োজনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন নোয়াখালী ইসকন মন্দির,কুমিল্লা,চাঁদপুর,গাজীপু র,রংপুর সহ বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরে পূর্ব পরিকল্পিত সাম্প্রদায়িক হামলা, হত্যাযজ্ঞ, অগ্নিসংযোগ, লুটতরাজ ও বিগ্রহ ভাংচুরের ঘটনা ঘটেছে।সংখ্যালঘু সম্প্রদায় তাদের জান মাল নিয়ে আজ আতঙ্কিত।বাংলাদেশের নাগরিক হয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে তারা।বারবার হামলার ঘটনা ঘটলেও দোষীদের দৃষ্টান্ত মূলক বিচার না হওয়ায় বার বার হামলার ঘটনা ঘটছে।সনাতন ধর্মালম্বীদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে বিধায় তারা আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইসকন লালমনিরহাটের অধ্যক্ষ শ্রী প্রভূ মহাকৃষ্ণ প্রেমদাস ব্রহ্মচারী, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্র নাথ বর্মণ প্রমুখ। এ সময় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন),পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ,লালমনিরহাট জেলা শাখার নেতৃবৃন্দরা সমাবেশে উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশটি লালমনিরহাটের মিশন মোড় চত্ত্বর থেকে শুরু করে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে সমাপ্তি হয়।এ সময় জেলা প্রশাসক আবু জাফর আহমেদ এবং পুলিশ সুপার আবিদা সুলতানা বক্তব্য রাখেন,তারা সনাতন ধর্মালম্বীদের আশ্বস্ত করেন দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যাবস্থা করা হবে।
