পাঠাভ্যাস গড়ে তুলতে ইবিতে ‘তারুণ্য লাইব্রেরী’

আর এম রিফাত ,ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
করোনা মহামারীর প্রভাব কাটিয়ে উনিশ মাস পর প্রাণ ফিরে পেয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)।
২৫ অক্টোবর থেকে ক্লাসে ফিরেছে শিক্ষার্থীরা। ক্যাম্পাসের বটতলা মুখরিত হয়েছে বইপ্রেমীদের আড্ডায়। বিশ্ববিদ্যালয়ের অরাজনৈতিক ও সে¦চ্ছাসেবী সংগঠন তারুণ্য কর্তৃক পরিচালিত ‘তারুণ্য লাইব্রেরী’ কে ঘিরে। কাঠের তাকে সাজিয়ে রাখা পছন্দের বইটি বেছে নিয়ে পড়ছেন অনেকেই। কেউ বা পড়ছে উপন্যাস, কাব্যগ্রন্থ, নাটক, প্রবন্ধ আবার কেউ বা পড়ছেন ধর্মীয়, জীবন কাহিনী সহ বিভিন্ন ধরনের বই। ভ্রাম্যমাণ লাইব্রেরিতে শিল্প সাহিত্য চর্চায় নিমগ্ন হয়ে উঠতে দেখা গেছে অনেক শিক্ষার্থীদের।
প্রতি বুধবার সকাল দশটা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত তারুণ্যের সদস্যদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকে ভ্রাম্যমাণ ‘তারুণ্য লাইব্রেরী’। শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তুলতে, শিল্প-সাহিত্যচর্চা সহজলভ্য করতে ২০১৯ সালের ২০ মার্চ ‘তারুণ্য লাইব্রেরি’ প্রতিষ্ঠা করে তারুণ্য। এখানে প্রায় সাত শতাধিক বই রয়েছে।
তারুণ্যর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তাবরীজ খান বলেন, বৈষম্যহীন সমাজ গঠনে তারুণ্যের শক্তিকে কাজে লাগানো, তরুণদের স্বেচ্ছাসেবী মনোভাবসম্পন্ন করে গড়ে তোলা, দক্ষতা সম্পন্ন নেতৃত্ব তৈরি। এছাড়াও সামাজিক উন্নয়ন মূলক কাজ সহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অংশগ্রহণ, বনায়ন, রক্তদান, শীতবস্ত্র বিতরণ ও অসহায় শিক্ষার্থীদের সহযোগিতায় কাজ করে যাচ্ছে তারুণ্য।
উল্লেখ্য, তারুণ্য একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন। এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত। ‘অবারিত সম্ভাবনা নিয়ে জাগ্রত তারুণ্য’ প্রতিপাদ্য নিয়ে ২০০৯ সালের ২৯ জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি। এক দশকে ইবি ক্যাম্পাসে তারুণ্য এক ভালোবাসার নাম হয়ে উঠেছে।
