মুজিববর্ষ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়কে গাড়ি উপহার দিল অগ্রণী ব্যাংক

আর এম রিফাত,ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী ( মুজিববর্ষ) উপলক্ষে অগ্রণী ব্যাংক লিমিটেড বাংলাদেশ এর পক্ষ থেকে গাড়ি উপহার পেল ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ।
শনিবার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সভাকক্ষে উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম এর কাছে গাড়ি চাবি হস্তান্তর করেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মাদ শামস-উল ইসলাম। অগ্রণী ব্যাংক লিমিটেডের উপহারকৃত এসি গাড়িতে ৩০টি আসন রয়েছে ।
এ সময় চাবি হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, রেজিষ্টার মু. আতাউর রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানূর রহমান, অগ্রণী ব্যাংক লিমিটেড এর উপ-ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম, মহাব্যবস্থাপক ও সিএফও মনোয়ার হোসেন এফসিএ, মহাব্যবস্থাপক ক্রেডিট ড. আব্দুল্লাহ আল মামুন, মহাব্যবস্থাপক (পিসিএমডি) আশেক এলাহী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন।
অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামস-উল ইসলাম বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ ব্যাংকটির নাম করণ করেছিলেন অগ্রণী ব্যাংক। তাই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এ উপহার প্রদান করতে পেরে আমরা ধন্য। অগ্রণী ব্যাংক লিমিটেড দেশের বিভিন্ন উন্নয়নে অবদান রেখে চলেছে। এ ধরাবাহিকতা অব্যাহত রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।’
উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম বলেন, ‘অগ্রণী ব্যাংককে আমরা আমাদের প্রতিষ্ঠান মনেকরি। দীর্ঘ ৪২ বছর আমরা ইবি পরিবার এ ব্যাংকের সেবা গ্রহণ করে চলেছি। আজকের এ উপহারের মধ্যদিয়ে উভয়ের মধ্যে নতুন করে সেতুবন্ধন তৈরি হলো। আমরা চাইবো অগ্রণী ব্যাংক তাদের সেবারমান আরও বৃদ্ধি করবে।’
উল্লেখ্য, অনুষ্ঠানের শুরুতে বিশ^বিদ্যালয়ের স্লাইড উপস্থাপন করেন এপিএ ফোকাল পয়েন্ট কর্মকর্তা ও উপ-রেজিস্ট্রার ড. নওয়াব আলী খান এবং অগ্রণী ব্যাংক লিমিটেড এর স্লাইড উপস্থাপন করেন ঢাকা প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক ও সিএফও মনোয়ার হোসেন ।
