সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দলের বিতর্কিত কমিটি ঘোষণার প্রতিবাদে ঝাড়ু মিছিল

খোরশেদ আলম শিকদার,নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর সোনাইমুড়ীতে সদ্য ঘোষিত উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণার প্রতিবাদে ঝাড়ু মিছিল করেছে স্বেচ্ছাসেবক দলের একাংশের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেলে পৌর শহর সোনাইমুড়ী বাজারে মিছিলটি অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক সাহাব উদ্দিন জনি, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান ভুঁইয়া ও সোনাইমুড়ী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রুবেল ভুঁইয়ার নেতৃত্বে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। তাদের দাবি বিগত আন্দোলন সংগ্রামে যাদের দলীয় কর্মসূচীতে দেখা যায়নি, দলীয় কর্মসূচী ঘোষণা করা হলে যারা বিভিন্ন অজুহাতে গা ঢাকা দেয়, তাদেরকে দিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে।

নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে সদ্য ঘোষিত উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিতর্কিত কমিটি বাতিল করে ত্যাগী নেতাকর্মীদের দিয়ে নতুন কমিটি গঠন করতে হবে। অথবা গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কমিটি গঠন করা হোক। এর আগে গত ২৮ জানুয়ারী একই দাবীতে উপজেলা বিএনপির কার্যালয়ে তালা ঝুলানো হয়। কিন্তু জেলা নেতৃবৃন্দ এতে গুরুত্ব না দেওয়ায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা এবার ঝাড়ু মিছিল করেছে।

উল্লেখ্য গত ২৭ জানুয়ারী/২০২২ ইং নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহম্মদ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান স্বাক্ষরিত জেলা স্বেচ্ছাসেবক দলের প্যাডে নুর মোহাম্মদ মিলনকে আহবায়ক এবং আইয়ুব আলীকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

অপর দিকে শহীদুল্লাহ্ লিটন কে আহবায়ক ও দেলোয়ার হোসেন সাদ্দাম কে সদস্য সচিব করে সোনাইমুড়ী ৩১ সদস্য বিশিষ্ট পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

সদ্য ঘোষিত উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম আহবায়ক পদে থাকা রুবেল ভুঁইয়া ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক পদে থাকা শহীদুল্লাহ্ লিটন সহ একাধিক নেতাকর্মী ঘোষিত কমিটি প্রত্যাক্ষান করে ত্যাগী নেতাকর্মীদের মুল্যায়ন পুর্বক কমিটি পুনর্গঠনের দাবি জানান।